অতিপ্রাকৃতিক রহস্য আর ভৌতিক আবহের গল্পে নির্মিত হয়েছে নাটক ‘পাপ চক্র’। এ নাটকে ফের জুটি বেঁধেছেন নিপুণ আহমেদ ও ডিম্পল আহমেদ। এর আগে তারা একসঙ্গে কাজ করেছে ‘বশীকরণ’ সিরিজে।
হরর-থ্রিলার ঘরানার এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা সুমন মেহেদী। প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিন্দু ভিশন’ এর ব্যানারে নির্মিত এই নাটক এগিয়েছে রহস্য, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং একাধিক চমকপ্রদ ঘটনায়। দেশে অতিপ্রাকৃতিক ও অলৌকিক গল্পের চিত্রনাট্যের কাজ অপ্রতুল। তাই প্রেম-বিরহ ও ধারবাহিক গল্পের ছেনা ছকের বাইরে দিয়ে গিয়ে দর্শকদের ভিন্ন স্বাদের কাজ উপহার দিতে ‘বিন্দু ভিশন’ এই ব্যতিক্রমী পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি।
নাটকের গল্পে দেখা যাবে, এক দম্পতি নতুন একটি বাসায় ওঠার পর থেকেই অস্বাভাবিক ও ব্যাখ্যাতীত ঘটনার মুখোমুখি হতে শুরু করেন। ঘটনার সূত্র খুঁজতে গিয়ে সামনে আসে অতীতের এক অন্ধকার অধ্যায়, যার প্রভাব তাদের বর্তমান জীবনকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দেয়। নির্মাতা মেহেদী বলেন, গল্পটিতে অতিপ্রাকৃতিক উপাদানের পাশাপাশি এমন কিছু টুইস্ট রাখা হয়েছে, যা দর্শকদের শেষ পর্যন্ত কৌতূহলী করে রাখবে।
নাটকটি নিয়ে নিপুণ আহমেদ জানান, তার অভিনয় জীবনের অন্যতম চ্যালেঞ্জিং কাজ ‘পাপ চক্র’। ‘পাপ চক্র’ আমার ক্যারিয়ারে একটি অনন্য মাত্রা যোগ করেছে। এখানে একই সঙ্গে পজিটিভ ও নেগেটিভ দুই ধরনের শেডের চরিত্রে অভিনয় করতে হয়েছে, যা পর্দায় ফুটিয়ে তোলা বেশ কঠিন ছিল। ভিন্ন এই চরিত্রের জন্য আমাকে নিজের লুক এবং কণ্ঠস্বরেও বড় পরিবর্তন আনতে হয়েছে।”
ডিম্পল আহমেদ বলেন, তাকে সম্পূর্ণ ‘ভিন্ন এক রূপে দেখা যাবে’ এই নাটকে। নাটকে নিজের চরিত্রটির ব্যাখ্যায় ডিম্পল বলেন, আমি মূলত পরিস্থিতির শিকার (ভিক্টিম)। পুরো গল্পজুড়ে ভয় ও রহস্যময় এক জার্নির মধ্য দিয়ে যেতে হলেও, নাটকের শেষভাগে আমার চরিত্রই গুরুত্বপূর্ণ মোড় তৈরি করবে
প্রসঙ্গত, বুধবার (৩ জুন) ‘বিন্দু ভিশন ড্রামা’ ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে।

