টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি

0
টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) আরও একবার পিএসজির জয়োল্লাস। উত্তেজনায় ঠাসা ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের সবচেয়ে সেরা এই প্রতিযোগিতার শিরোপা জিতল লুইস এনরিকের দল। এতে করে আরও একবার ইউসিএল শিরোপার খুব কাছে গিয়েও হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো আর্সেনালকে।

শনিবার বুদাপেস্টে ফাইনালে ৯০ মিনিটের লড়াই শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলাও শেষ হয় একই স্কোরলাইনে। টাইব্রেকারে ৪-৩ ব‍্যবধানে জিতে শিরোপা উৎসবে মাতে ফরাসি চাম্পিয়ন পিএসজি।

টাইব্রেকারে পিএসজির প্রথম দুটি শট এবং আর্সেনালের প্রথমটি গোল হয়। তবে প্রথম ভুলটা করেন আর্সেনালের এবেরেচি এজে। দুর্বল শট মারেন বাইরে। অবশ্য এরপরেই পিএসজির নুনো মেন্দেসের শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া। এরপর, দুই দলেরই পরের দুটি করে শট জালে জড়ায়। শেষ শটটি নিতে আসেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের ডিফেন্ডার গাব্রিয়েল; প্রবল চাপের মুহূর্তে শট লক্ষ্যেই রাখতে পারেননি তিনি। উড়িয়ে মারেন আকাশে।

তাতে আরও একবার আর্সেনালের ইউরোপ সেরা হওয়ার শেষ হয়ে যায়। 

এর আগে ম‍্যাচের শুরুতে আর্সেনালকে এগিয়ে নেন কাই হাভার্টজ। দ্বিতীয়ার্ধে সফল ম্পট কিকে সমতা ফেরান উসমান দেম্বেলে। মূল ম‍্যাচ শেষ হয় ১-১ সমতায়। পরে অতিরিক্ত সময়েও একই থাকে স্কোর লাইন।

কদিন আগে ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে আর্সেনাল। সেখানে খরা কাটাতে পারলেও, ইউরোপ সেরার মঞ্চে শিরোপা অধরাই রয়ে গেল তাদের। এর আগে ২০০৬ সালে ইউসিএল ফাইনালে বার্সার কাছে হেরেছিল গানাররা।

এক সময়ে চ‍্যাম্পিয়ন্স লিগ জয়ের জন‍্য মরিয়া ছিল পিএসজি। তাদের দীর্ঘ চেষ্টার সফল সমাপ্তি হয় গত মৌসুমে, এবার শিরোপা ধরে রাখল এনরিকের ছোঁয়ায় বদলে যাওয়া দলটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here