নিজেকে ব্রাজিল দলের সমর্থক দাবি করে দলটি বিশ্বকাপ জিতবে বলেই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ। বাংলাদেশ পরবর্তী সময়ে ফুটবল বিশ্বকাপে খেলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
কায়সার হামিদ বলেন, ব্রাজিল ছন্দময় ফুটবল খেলে। আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক। আমি চাই ব্রাজিল বিশ্বকাপ ফাইনালে খেলুক, কাপ নিয়ে আসুক। তবে তারা চ্যাম্পিয়ন হতে পারুক আর না পারুক প্রতি বছর নতুন নতুন যে টেকনিক নিয়ে আসে সেটা ভালো লাগে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গোলখার গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন ওই গ্রামের মিয়া বাড়ির মাহবুব আলমের বাসভবনে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি যোগ দেন।
কায়সার হামিদ বলেন, ‘প্রতি বিশ্বকাপেই নতুন নতুন তারকা আসে। মেসি, নেইমার, রোনালদো, এমবাপে, সালার খেলা ভালো লাগে। এইবারের বিশ্বকাপে নতুন তারকা উঠে আসবে বলে আমি মনে করি। তবে নতুন কোন দল এবার ভালো করবে, এটা বলা মুশকিল।
তিনি আরও বলেন, বিশ্বকাপ এলেই সারা দেশে বিভিন্ন দলের পতাকা ওড়ানো দেখেই বোঝা যায় এ দেশের মানুষ ফুটবলপ্রেমী। ফুটবল আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ইদানীং আমাদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। হামজা চৌধুরীর মতো খেলোয়াড়রা আসার পর উন্নতি হচ্ছে।
আক্ষেপের সুরে কায়সার হামিদ বলেন, আমাদের একটি জেলার সমান দেশও বিশ্বকাপে খেলে। যুদ্ধবিধ্বস্ত দেশও খেলে। কিন্তু আমরা কেন পারি না, এ নিয়ে পরিকল্পনার একটা ব্যাপার আছে। বাংলাদেশের গ্রামে অনেক মেধাবী খেলোয়াড় আছে, তাদেরকে উঠিয়ে আনতে হবে। বয়সভিত্তিক ফুটবলে আমাদেরকে জোর দিতে হবে। নইলে যত ভালো কোচ কিংবা বিদেশি কোচ আনা হোক না কেন কোনো লাভ হবে না। পরিকল্পনা অনুযায়ী গেলে বাংলাদেশ আগামীতে বিশ্বকাপে অংশ নিতে পারবে বলে আশা করি।
কায়সার হামিদ গোলখার গ্রামে আসার পর স্থানীয় লোকজন তাকে স্বাগত জানান। তাকে একটি ফুটবল উপহার দেওয়া হয়। এ সময় ধরখার ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ হুমায়ুন কবির জীবন, মো. জয়নাল আবেদীনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

