গোপালগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
গোপালগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

গোপালগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বাজার এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

প্রধান অতিথির বক্তব্যে ডা. কে এম বাবর বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় রাষ্ট্রনায়ক। মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা, স্বাধীনতার ঘোষণা এবং পরবর্তী সময়ে দেশ পুনর্গঠনে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি এমন এক সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন, যখন দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিল। তাঁর দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম ও দেশপ্রেম বাংলাদেশকে উন্নয়ন ও আত্মনির্ভরতার পথে এগিয়ে নিয়েছিল।

তিনি আরও বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতকরণ এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর প্রবর্তিত উৎপাদনমুখী রাজনীতি, গ্রামভিত্তিক উন্নয়ন কর্মসূচি এবং জাতীয়তাবাদী দর্শন আজও দেশের মানুষের কাছে অনুপ্রেরণার উৎস।

ডা. বাবর বলেন, শহীদ জিয়ার আদর্শ ছিল দেশপ্রেম, সততা, আত্মনির্ভরশীলতা ও জনগণের ক্ষমতায়ন। বর্তমান প্রজন্মকে তাঁর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

তিনি বলেন, আমরা আজ তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর দেখানো পথ অনুসরণ করে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here