ফরিদপুরে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

0
ফরিদপুরে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। জেলাটিতে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় এই দুই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হামের লক্ষণ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান আজ শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকালের মধ্যে মারা যাওয়া দুই শিশুর একজন রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার রেজাউল হোসেনের নয় মাস বয়সী ছেলে আয়ান। অন্যজন ফরিদপুর সদর উপজেলার হারুকান্দি এলাকার মোহাম্মদ কামরুল ইসলামের তিন মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ৩০ জন শিশু ভর্তি হয়েছে। তবে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৩৩ শিশু। হামের এই পরিস্থিতি মোকাবিলায় জেলার হাসপাতালগুলোতে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে অভিভাবকদের আতঙ্কিত না হয়ে শিশুর শরীরে হামের লক্ষণ দেখা দেওয়া মাত্রই দ্রুত হাসপাতালে নেওয়ার এবং টিকাদান কর্মসূচির আওতায় সব শিশুকে নিয়ে আসার পরামর্শ দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here