আসন্ন বাজেটে শ্রমিকদের বিশেষ বরাদ্দের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নেতারা। সোমবার (২৫ মে) দুপুরে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে সমিতির জেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় আন্দোলনকারীরা ষাটোর্ধ মজুরদের বিনা জমায় পেনশন প্রদান, রেশনিং চালু, চিকিৎসা ও সন্তানের শিক্ষা নিশ্চিত করা,শিশু রামিসা হত্যার বিচারের দাবি জানান।
কর্মসূচিতে বক্তারা বলেন, ক্ষেতমজুরা দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখে, কিন্তু তাদের জন্য বাজেটে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। তারা ক্ষেতমজুরদের সারাবছরের কাজের নিশ্চয়তা, রেশনিং চালু, চিকিৎসা ও সন্তানের শিক্ষার নিশ্চয়তা দিতে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান।
জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি ময়নুল কবীর মন্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ, কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক মুরাদ জামান রব্বানী, কৃষক সমিতি’র জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক মিলন প্রমুখ।।

