টেকনাফে জাল টাকার সরঞ্জামসহ গ্রেফতার ২

0
টেকনাফে জাল টাকার সরঞ্জামসহ গ্রেফতার ২

কক্সবাজারের টেকনাফে ঈদুল আজহাকে সামনে রেখে জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতিকালে রোহিঙ্গাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে প্রায় এক কোটি টাকার জাল নোট, নোট তৈরির আধুনিক সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধার করা হয়।

আজ রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

গ্রেফতাররা হলেন শালবন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা টমটম চালক আজিজুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়ার নোয়াগাঁও এলাকার বাসিন্দা মো. নাজমুল। 

বিজিবি জানিয়েছে, কোরবানির ঈদকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্প, পশুর হাট ও স্থানীয় বাজারে বিপুল পরিমাণ জাল নোট ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল চক্রটির। গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে উদ্ধার করা হয় ২০০, ৫০০ ও ১ হাজার টাকার প্রায় এক কোটি টাকার জাল নোট। এছাড়া একটি ল্যাপটপ, রঙিন প্রিন্টার, সোনালি ফয়েল পেপার, সিকিউরিটি ট্যাগ, জলছাপযুক্ত কাগজ, আংশিক প্রিন্ট করা নোট, গাম, কাটার এবং জলছাপ তৈরির ডাইস জব্দ করা হয়েছে।

স্থানীয় জাদিমুড়া বাজারের ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, ‘দুই ব্যক্তি কয়েকদিন আগে শ্রমিক পরিচয়ে ওই বাসায় ওঠেন। কিন্তু তারা ভেতরে জাল টাকা তৈরির মতো কাজ করছে, তা কেউ বুঝতে পারেনি। মূলত রোহিঙ্গা ক্যাম্পকে টার্গেট করেই তারা এই চক্র চালাচ্ছিল।’

জাদিমুড়া ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা নুর আলম বলেন, ‘ঈদের সময় ক্যাম্পে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। অনেক রোহিঙ্গা জাল টাকা সহজে শনাক্ত করতে না পারায় এসব চক্র সুযোগ নেয়।’

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া জানান, ঈদকে কেন্দ্র করে জাল টাকা ছড়িয়ে দেওয়ার একটি বড় পরিকল্পনা ছিল চক্রটির। বিশেষ করে পশুর হাট ও রোহিঙ্গা ক্যাম্পকে তারা বেশি টার্গেট করেছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here