হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

0
হাম এড়াতে ঈদে শিশুদের নিয়ে সতর্কভাবে চলার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

হাম সংক্রমণ এড়াতে ঈদের সময় শিশুদের নিয়ে সতর্কভাবে চলাচলের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিশেষ করে বাস ও ট্রেনযাত্রা এবং আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য রেড ক্রস ও রেড ক্রিসেন্টের দেওয়া যন্ত্রপাতি ও স্যালাইন গ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদেরও বলব, ঈদের সময় আমরা অনুরোধ করছি শিশুদের যেন সব জায়গায় নিয়ে না যাওয়া হয়। বিশেষ করে যেসব শিশুর আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তাদের আত্মীয়-স্বজনের বাড়িতে বা অতিরিক্ত ভিড় রয়েছে, এমন জায়গায় না নেওয়াই ভালো।

তিনি বলেন, হামে আক্রান্ত শিশুদের কাছ থেকে সুস্থ শিশুদের দূরে রাখতে হবে। একইভাবে আক্রান্ত রোগীদেরও অন্যদের সঙ্গে মিশতে দেওয়া উচিত নয়।

এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

মন্ত্রী আরও বলেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ। এটি স্পর্শ, শ্বাস-প্রশ্বাস ও সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করেছেন, ঈদের সময় বাস-ট্রেনযাত্রা এবং বিভিন্ন স্থানে বেড়াতে যাওয়ার কারণে সুস্থ শিশুরা হাম রোগীর সংস্পর্শে এলে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here