ভিজিএফের চালসহ ২ নৌকা ডুবল ব্রহ্মপুত্রে

0
ভিজিএফের চালসহ ২ নৌকা ডুবল ব্রহ্মপুত্রে

গাইবান্ধার ফুলছড়িতে ঝড়ের কবলে পড়ে ব্রহ্মপুত্র নদে ভিজিএফের চাল বোঝাই ইঞ্জিনচালিত দুটি নৌকা ডুবে গেছে। এতে নৌকায় থাকা ৪৬৭ বস্তা সরকারি চাল নদের গভীর পানিতে তলিয়ে যায়। চালগুলো ঈদুল আজহা উপলক্ষে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য নেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

‎উপজেলা খাদ্য অফিস সূত্র জানায়, উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত ভিজিএফের ২৩ হাজার ৩৫০ কেজি, যার প্রতি বস্তায় ৫০ কেজি করে মোট ৪৬৭ বস্তা চাল বোঝাই  ইঞ্জিনচালিত দুইটি নৌকা যোগে এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নেয়া হচ্ছিল। সকালে মেঘাচ্ছন্ন আকাশ ও হঠাৎ দমকা হাওয়া ও বৈরী আবহাওয়ার সৃষ্টি হলে নৌকা দুটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রহ্মপুত্র নদে ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি নৌকা থেকে ২৩৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাকি বস্তাগুলো উদ্ধারে কাজ চলছে।

‎ফুলছড়ি সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (অতিরিক্ত) কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চালগুলো বুধবার (২০ মে) গুদাম থেকে বের করা হয়েছিল। এগুলো এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের ভিজিএফের চাল।

‎গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, নৌকাডুবির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, ভিজিএফের চাল বিতরণের জন্য চারটি নৌকায় চালের বস্তাগুলো তোলা হয়েছিল। এ সময় আকস্মিক ঝড়ে দুটি নৌকা ডুবে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি নৌকা থেকে ২৩৭ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। বাকি বস্তাগুলো উদ্ধারে কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষে আজই এসব চাল উপকারভোগীদের মাঝে বিতরণ করা হবে।

এ বিষয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে এসব চাল এরেন্ডাবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণের পরিকল্পনা ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা, স্থানীয় জেলে, নৌকার মাঝি ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্ধার কাজে অংশ নেন। সবগুলো বস্তা উদ্ধার হয়েছে কি না, তা হিসাব-নিকাশ শেষে নিশ্চিত হওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here