বড় পরিবর্তনের পথে অ্যাপলের ‘আল্ট্রা’ সিরিজ, আসছে নতুন স্মার্টঘড়ি

0
বড় পরিবর্তনের পথে অ্যাপলের ‘আল্ট্রা’ সিরিজ, আসছে নতুন স্মার্টঘড়ি

অ্যাপল তাদের প্রিমিয়াম স্মার্টঘড়ি সিরিজে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি বছরের শেষ দিকে আসতে পারে নতুন অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪। এতে শুধু বাহ্যিক নকশাতেই পরিবর্তন আসবে না, বরং স্বাস্থ্য ও শরীরচর্চা পর্যবেক্ষণের প্রযুক্তিতেও বড় উন্নতি দেখা যেতে পারে।

প্রযুক্তিবিষয়ক মাধ্যম ডিজিটাইমসের এক প্রতিবেদনের তথ্য তুলে ধরে নাইন টু ফাইভ ম্যাক জানিয়েছে, নতুন প্রজন্মের এই স্মার্টঘড়িতে ‘পূর্ণাঙ্গ নতুন নকশা’ আনা হতে পারে। যদিও অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। বাজার বিশ্লেষকদের ধারণা, এই পরিবর্তনের ফলে আগের মডেলের তুলনায় বিক্রি ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

২০২২ সালে অ্যাপল ওয়াচ আল্ট্রা বাজারে আসার পর এটিই হবে সিরিজটির প্রথম বড় দৃশ্যমান পরিবর্তন। এর আগে বিভিন্ন গুঞ্জনে সামান্য নকশা পরিবর্তনের কথা বলা হলেও সর্বশেষ প্রতিবেদনে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

নতুন মডেলে উন্নত সেন্সর প্রযুক্তি যুক্ত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা স্বাস্থ্য ও শরীরচর্চাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন। গত বছরের কিছু তথ্যে সেন্সরের সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনার কথাও উঠে এসেছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সেন্সর যন্ত্রাংশ সরবরাহকারী তাইওয়ান-এশিয়া সেমিকন্ডাক্টর এই পরিবর্তনের ফলে বড় সুবিধা পেতে পারে। জুলাই মাস থেকেই নতুন যন্ত্রাংশ উৎপাদনের কাজ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া নতুন ঘড়িতে বিদ্যুৎ ব্যবহারে দক্ষতা বাড়তে পারে, যা ব্যাটারির স্থায়িত্ব আরও উন্নত করবে। একই সঙ্গে অ্যাপল তাদের ‘আল্ট্রা’ নামের প্রিমিয়াম ব্র্যান্ডকে আরও বিস্তৃত করতে চায় বলেও গুঞ্জন রয়েছে। ভবিষ্যতে আইফোন আল্ট্রা, ম্যাকবুক আল্ট্রাসহ আরও উন্নত যন্ত্র বাজারে আনার পরিকল্পনাও থাকতে পারে।

অ্যাপল এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রতিষ্ঠানটির নিয়মিত শরৎকালীন পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন এই স্মার্টঘড়ি প্রকাশ পেতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here