পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমধর্মী আয়োজন “কৃষকের সাথে আড্ডা” অনুষ্ঠিত হয়েছে। সবুজ প্রকৃতির মাঝে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়ায় সাজানো এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে কৃষক, কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে।
আড্ডায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক কৃষকরা। মঙ্গলবার শেষ বিকেলে পৌরশহরের হেলিপ্যাড মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত কৃষকরা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপুসহ কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, “বহুমুখী কৃষি স্বর্গরাজ্য” হিসেবে পরিচিত কলাপাড়ার কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত থাকবে।

