রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

0
রোহিঙ্গা ক্যাম্পে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, ২৭ রাউন্ড গুলি, ৪৩ হাজার ৬০০ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন— মো. জাহিদ হোসেন (৩৮), নুর সেহেরা (১৮) ও আব্দুল হামিদ (৩২)। তারা সবাই ক্যাম্প-১ ইস্টের বাসিন্দা।

১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন জানান, উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প-১ ইস্টে মঙ্গলবার ভোরে দিল মোহাম্মদের শেডে ইয়াবা বেচাকেনা করা হচ্ছে এমন তথ্য পেয়ে বিশেষ অভিযান শুরু করে এপিবিএন। অভিযানে রোহিঙ্গাদের কয়েকটি শেড ঘিরে ফেলা হয়। এ সময় দিল মোহাম্মদের শেড থেকে তিনজনকে আটক করা হয়। যার মধ্যে দিল মোহাম্মদের পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, পিস্তলের পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন, লুঙ্গির সামনের কোচা হতে কালো পলিথিনে মোড়ানো আরও দুটি ম্যাগাজিন ও ২২ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তার কাঁধে ঝোলানো একটি কালো ব্যাগের ভেতর হতে চারটি পলিব্যাগে মোড়ানো ৪০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আর নুর সেহেরার কাছ থেকে ১০টি নীল রঙের জিপারযুক্ত পলিব্যাগে দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। এছাড়া আব্দুল হামিদের কাছ থেকে জব্দ করা হয় ১৬০০ ইয়াবা।

উখিয়ার ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমীন বলেন, ‘জব্দ করা ইয়াবার ওজন চার কেজি ২৪০ গ্রাম। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলেই জব্দের তালিকা প্রস্তুত করা হয় এবং জব্দ আলামত ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট আইনে মামলা করে আটকদের উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here