যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা; নিহতদের মধ্যে বাংলাদেশি নেই

0
যুক্তরাষ্ট্রে মসজিদে বন্দুক হামলা; নিহতদের মধ্যে বাংলাদেশি নেই

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে একটি মসজিদে বন্দুক হামলার ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদে থাকলেও পুরো কমিউনিটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় এক নিরাপত্তারক্ষীসহ তিনজন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন দুই কিশোরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সময় সোমবার সকালে সান ডিয়েগোর বৃহত্তম মসজিদ Islamic Center of San Diego-এ এ হামলার ঘটনা ঘটে।

মসজিদসংলগ্ন এলাকার প্রবাসী লেখক মোহাম্মদ আলম পান্না টেলিফোনে জানান, ঘটনার আকস্মিকতায় সবাই ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। হামলার সময় মসজিদ প্রাঙ্গণে অবস্থিত আল রশিদ স্কুলে ক্লাস চলছিল এবং সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। তবে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।

তিনি আরও জানান, কয়েক বছর ধরে ওই মসজিদকে ঘিরে বাংলাদেশিসহ মুসলিম পেশাজীবীদের বসতি গড়ে উঠেছে। মসজিদটির পাশাপাশি সেখানে আরবি শিক্ষার স্কুলও পরিচালিত হয়। এর আগে সেখানে এ ধরনের কোনো সহিংস ঘটনার নজির ছিল না।

সান ডিয়েগো পুলিশের তথ্যমতে, দুই কিশোর বন্দুকধারীর গুলিতে এক নিরাপত্তারক্ষীসহ তিনজন নিহত হন। পরে ঘটনাস্থলের কাছাকাছি একটি গাড়ি থেকে সন্দেহভাজন দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, নিজেদের গুলিতেই তাদের মৃত্যু হয়েছে।

এদিকে হামলার পর নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেসসহ বিভিন্ন শহরের মসজিদ, মন্দির ও গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here