সালমানের ‘একাকিত্ব’ পোস্টের রহস্য ফাঁস, মায়ের প্রশ্নে মুখ খুললেন বলিউড সুপারস্টার

0
সালমানের ‘একাকিত্ব’ পোস্টের রহস্য ফাঁস, মায়ের প্রশ্নে মুখ খুললেন বলিউড সুপারস্টার

বলিউড সুপারস্টার সালমান খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। ‘একা ও একাকিত্ব’ নিয়ে অভিনেতার সেই রহস্যময় পোস্টের পর ভক্তদের মনে নানা প্রশ্নের উদয় হয়। এমনকি খোদ অভিনেতার মা সালমা খানও চিন্তিত হয়ে ছেলেকে জিজ্ঞেস করে বসেন, ‘কী হয়েছে বাবা?’ অবশেষে মায়ের সেই প্রশ্নের সূত্র ধরেই পুরো বিষয়টির আসল সত্য সামনে আনলেন সালমান।

নতুন একটি পোস্টে ভক্তদের আশ্বস্ত করে অভিনেতা জানিয়েছেন, তিনি আসলে নিজের একাকিত্বের কথা বলছিলেন না। একটি বড় ও ভালোবাসায় ঘেরা পরিবার এবং কোটি ভক্তের শুভেচ্ছা যার সঙ্গে রয়েছে, সে কীভাবে একা হতে পারে! সালমান রসিকতা করে বলেন, মাঝে মাঝে মানুষের ভিড়ে থাকতে থাকতে তিনি কিছুটা ক্লান্ত বোধ করেন, আর সেই কারণেই নিজের জন্য কিছুটা একান্ত সময় বা ‘মি-টাইম’ কাটাতে চেয়েছিলেন। তবে এবার আর নতুন কোনো ছবি পোস্ট না করেই সালমান সংবাদমাধ্যম ও ভক্তদের উদ্দেশে লিখেছেন, তার এই কথাটিকে যেন ‘ব্রেকিং নিউজ’ বানিয়ে ফেলা না হয়। মায়ের উদ্বেগের কথা জানিয়ে সবাইকে একদম দুশ্চিন্তামুক্ত থাকতে বলেছেন তিনি।

এর আগে, রবিবার রাতে একটি অন্ধকার ঘরে সোফায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সালমান। ছবিতে তার সুগঠিত শরীর নজর কেড়েছিল সবার। তবে ছবির ক্যাপশনটিই ছিল আসল চমক। সেখানে তিনি লিখেছিলেন, নিজের সঙ্গে থাকার দুটি উপায় আছে— একা থাকা এবং একাকিত্ব। একা থাকাটা নিজের পছন্দ, আর একাকিত্ব হলো যখন কেউ পাশে থাকে না। এরপরই তিনি ভক্তদের উদ্দেশে লেখেন, এখন এর পর তোমরা নিজেরাই বুঝে নাও কী করতে হবে।

সালমানের এই পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে যায়। তার ২০০৫ সালের সিনেমা ‘লাকি’-র সহ-অভিনেত্রী স্নেহা উল্লাল চরিত্রটির নাম ধরে খুনসুটি করে মন্তব্য করেন, সিনেমার শুটিংয়ের সময় সালমান কেন এমন ফিটনেস দেখাননি। এ ছাড়া অভিনেতার সাবেক প্রেমিকা সংগীতা বিজলানি এবং ইউলিয়া ভান্তুরও সেই পোস্টে মন্তব্য করেছেন।

এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সিনেমা নির্বাচনের এক অদ্ভুত অভ্যাসের কথা প্রকাশ করেছেন এই ‘সিকান্দার’ তারকা। তিনি জানান, জীবনে কখনো তিনি নিজে পুরো চিত্রনাট্য পড়ে দেখেননি। সিনেমার মূল ভাব এবং বাণিজ্যিক দিকটি বুঝতেই তিনি বেশি পছন্দ করেন, যাতে অতিরিক্ত চিন্তা করে কোনো সিদ্ধান্ত নিতে না হয়। যদিও তিনি নিজে আইডিয়া ভাবেন ও চিত্রনাট্য লেখেন, কিন্তু পড়ার টেবিলে বসা তার স্বভাবের বাইরে। সম্প্রতি ‘রাজা শিবাজি’ সিনেমায় একটি বিশেষ ক্যামিও চরিত্রে দেখা গেছে সালমানকে, আর তার আগামী প্রজেক্টের তালিকায় রয়েছে ‘মাতৃভূমি’।

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here