নেত্রকোনায় হাওরাঞ্চলে বোরো ধানের ক্ষতি ৩৭২ কোটি টাকার বেশি

0
নেত্রকোনায় হাওরাঞ্চলে বোরো ধানের ক্ষতি ৩৭২ কোটি টাকার বেশি

নেত্রকোনায় অতিবৃষ্টিজনিত জলাবদ্ধতায় এবার বন্যা ছাড়াই হাওরাঞ্চলে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার প্রায় সব উপজেলাই ক্ষতির মুখে পড়েছে। সরকারি হিসাব অনুযায়ী, পানিতে তলিয়ে নষ্ট হয়েছে ৩৭২ কোটি ১৫ লাখ টাকার ধান। শেষ সম্বল ফসল তুলতে গিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে কৃষকদের।

সরেজমিনে দেখা যায়, নেত্রকোনার হাওরাঞ্চলে এবার বোরো ধান পানিতে তলিয়ে গেছে অতিবৃষ্টির কারণে। জলাবদ্ধতা রূপ নেয় বন্যার মতো পরিস্থিতিতে। বৈশাখে যেখানে ধানের ঘ্রাণ ছড়ানোর কথা ছিল, সেখানে বাতাসে ছড়িয়েছে পচা ধানের দুর্গন্ধ।

শেষ সম্বল রক্ষায় কৃষকরা পানির মধ্যে নেমে ধান কাটতে বাধ্য হন। কেউ নৌকা ভাড়া বাঁচাতে প্লাস্টিকের ভেলায় করে ধান টেনে তুলেছেন। শুধু হাওর নয়, পুরো জেলাতেই একই ধরনের পরিস্থিতি দেখা গেছে।

কৃষকদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়েছে। অনেক কৃষক নিজের ধান হারিয়ে অন্যের জমিতে মজুরির বিনিময়ে ধান কেটেছেন। তবে শেষ পর্যন্ত তোলা ধানও অনেক ক্ষেত্রে অর্ধেক পচে চারা গজিয়েছে। ফলে ৫ থেকে ৭ টাকা দরে ধান বিক্রি করতে বাধ্য হয়েছেন অনেকে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ বছর নেত্রকোনায় ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীসহ ছয়টি হাওর উপজেলায় ৪১ হাজার ৬৫ হেক্টর জমির মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১১ হাজার ২৩০ হেক্টর এবং সম্পূর্ণ নষ্ট হয়েছে ১০ হাজার ৪২৭ হেক্টর ধান।

জেলার মোট ১৮ হাজার ৪৪৭ হেক্টর জমি ডুবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে নষ্ট হয়েছে ১৬ হাজার ৮৭৭ হেক্টর ধান, যার আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে ৩৭২ কোটি ১৫ লাখ টাকা। শুধু হাওরাঞ্চলেই ক্ষতি হয়েছে ২৩৬ কোটি ৫৩ লাখ টাকার। এ বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন মোট ৭৭ হাজার ৩৬৩ জন কৃষক—এর মধ্যে হাওরে ৩৮ হাজার ২৩৮ জন এবং নন-হাওর এলাকায় ৩৯ হাজার ১২৫ জন।

নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের (খামারবাড়ি) জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ চন্দন কুমার মহাপাত্র জানান, অনাকাঙ্ক্ষিত এই ক্ষতির প্রধান কারণ নাব্যতা সংকট। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি এড়াতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here