যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়াগো শহরের একটি মসজিদে বন্দুকধারীর হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশটির পুলিশ প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, সান দিয়েগোর ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। সোমবারের এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত কতজন হতাহত হয়েছেন সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন বলে আশঙ্কা করছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা অ্যান্থনি কারাস্কো।
সান দিয়েগো পুলিশ বিভাগ পরবর্তীতে এক বিবৃতিতে জানায়, পরিস্থিতি এখনো থমথমে থাকলেও হামলাকারীকে কোণঠাসা করা সম্ভব হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। ঘটনাস্থলের আকাশ থেকে ধারণ করা বিভিন্ন টেলিভিশন ফুটেজে মসজিদের বাইরে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি দেখা গেছে।
এই ঘটনার পর সান দিয়েগোর মেয়র টড গ্লোরিয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং জরুরি বিভাগের কর্মীরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও এলাকাটি সুরক্ষিত রাখতে কাজ করে যাচ্ছেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের কার্যালয় থেকেও জানানো হয়েছে যে, তারা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। একই সাথে প্রথম সারির উদ্ধারকর্মীদের ধন্যবাদ জানিয়ে স্থানীয়দের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
আক্রান্ত এই মসজিদটি সান দিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ। এটি মূল শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১৪ কিলোমিটার উত্তরে একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অবস্থিত।
সূত্র: আল জাজিরা

