ঈদে পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

0
ঈদে পার্থ-তটিনীর ‘অমর প্রেম’

ধীর লয়ে বয়ে যাওয়া আত্রাই নদীর দুই পাড়ে দুটো গ্রাম। মির্জাপুর আর শাহজাহানপুর। বাহাদুর মির্জার কথায় মির্জাপুরের সব চলে। অন্যদিকে, শাহজাহানপুরের প্রধান কর্তা শাহজাহান খান, যার কথায় সেখানে সবকিছু ঘটে। নিজেদের ক্ষমতা প্রমাণের জন্য সবসময় এক গ্রাম অন্য গ্রামের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করে। ঘটনাক্রমে এক বিয়েতে মির্জার ছেলে পার্থর সঙ্গে শাহজাহানের মেয়ে রাইসার পরিচয় হয়।

নাটকটির মূল গল্প এখান থেকেই শুরু। শেষটা হয় দুর্দান্ত প্রেম আর ভয়ংকর এক ক্ষমতার লড়াইয়ের মধ্য দিয়ে। যার কেন্দ্রে থাকে পার্থ-রাইসার প্রেম। এই দুটি চরিত্রে অভিনয় করেছেন পার্থ শেখ ও তানজিম সাইয়ারা তটিনী। তাদের নিয়ে ‘অমর প্রেম’ নামে ঈদের নাটক নির্মাণ করেছেন জাহিদুল ইসলাম সুজন। নির্মাতার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন শাহরিয়ার সজীব।

সিএমভি’র ব্যানারে সদ্য শুটিং শেষ হওয়া এই নাটকে অন্য এক প্রেমের গল্প ফুটে উঠবে বলে মনে করছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘নাটকটির গল্পে আবেগ আর চরিত্রগুলোর মধ্যে আলাদা একটা অনুভূতি রয়েছে। যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই আমার বিশ্বাস।’

কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে নির্মাতা জানান, সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তটিনীর সঙ্গে এটি তার তৃতীয় কাজ। কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তরুণ এই নির্মাতা বলেন, ‘এই প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা আমার জন্য সত্যিই দারুণ ছিল। পুরো টিম খুব আন্তরিকভাবে কাজ করেছে, বিশেষ করে তটিনী ও পার্থ আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছেন।’

নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ অনেকেই। সিনেমাটোগ্রাফিতে ছিলেন নাঈম ফুয়াদ। 

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের বিশেষ চমক হিসেবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে ‘অমর প্রেম’ উন্মুক্ত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here