সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার আসর নামাজের পর তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কলমা উচ্চবিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বাড়ির পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে, সোমবার তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে শেষ শ্রদ্ধা জানাতে দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন। দলীয় নেতাকর্মী, স্বজন ও স্থানীয়দের উপস্থিতিতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
গত ১৫ মে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেন মিজানুর রহমান সিনহা। মৃত্যুকালে তিনি পরিবার, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

