লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, আমাদের দায়িত্ব শিক্ষার পরিবেশ করে দেয়া। আমরা তা করে দিলাম। এখন একমাত্র চাওয়া শিক্ষার মানোন্নয়ন। আপনারা তা করবেন।
সোমবার(১৮ মে) দুপুরে আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়েন নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, আমরা এত সুন্দর পরিবেশে লেখেপড়া করতে পারিনি। আজকে আমাদের সন্তানরা সুন্দর পোশাক পড়ে ভবনে ফ্যানের নিচে মনোরম পরিবেশে পড়ালেখা করছে। যা দেখেই ভালো লাগে। আমরা চাই মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে। আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নেতৃত্ব দিবে। সন্তানরা শিক্ষিত হলে আগামীর বাংলাদেশ আরও উন্নত হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।
সাপ্টিবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ মোঃ তায়েজ উদ্দিন তাজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার, লালমনিরহাট কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ছালেকুজ্জামান প্রামানিক, যুগ্ম আহবায়ক হবিবুর রহমান হবি প্রমুখ।

