বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ

0
বিশ্বকাপে কারা হতে পারেন নতুন সুপারস্টার, নজরে ৫ তরুণ

বিশ্বকাপ মানেই নতুন তারকার জন্ম। বড় মঞ্চে নিজেদের প্রমাণ করে রাতারাতি বিশ্ব ফুটবলের আইকনে পরিণত হওয়ার সুযোগ পান তরুণ ফুটবলাররা। ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ ঘিরেও এমন কয়েকজন উঠতি তারকার দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা।

এবারের আসরে সম্ভাব্য ব্রেকআউট তারকাদের তালিকায় আছেন নিকো পাজ, ডিজিরে দুয়ে, নিকো ও’রেইলি, এন্দ্রিক ও পেদ্রি।

আর্জেন্টিনার নিকো পাজ ইতোমধ্যে ইউরোপের নজর কেড়েছেন। রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা এই মিডফিল্ডার ইতালির কোমোতে খেলে নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপে লিওনেল মেসির বিকল্প হিসেবে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হতে পারে।

ফ্রান্সের ডিজিরে দুয়ে ক্লাব ফুটবলে ইতোমধ্যেই নিজের সামর্থ্য দেখিয়েছেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা পাকা করার লড়াইয়ে আছেন তিনি। এমবাপ্পে, দেম্বেলে, মাইকেল ওলিসের মতো তারকাদের ভিড়ে জায়গা করে নেওয়াই এখন তার চ্যালেঞ্জ।

ইংল্যান্ডের নিকো ও’রেইলি ম্যানচেস্টার সিটির হয়ে কোচ পেপ গার্দিওলার আস্থা অর্জন করেছেন। মূলত মিডফিল্ডার হলেও লেফট ব্যাক হিসেবে তার পারফরম্যান্স ইংল্যান্ড দলের জন্য বড় সমাধান হয়ে উঠতে পারে।

ব্রাজিলের এন্দ্রিককে ঘিরে আগ্রহ সবচেয়ে বেশি। অল্প বয়সেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই ফরোয়ার্ড এখন ফ্রান্সের লিয়নে খেলছেন। জাতীয় দলের হয়ে আগেই নজর কেড়েছেন তিনি। তার খেলার ধরন অনেকেই তুলনা করছেন ব্রাজিল কিংবদন্তি রোমারিওর সঙ্গে।

স্পেনের পেদ্রি ইতোমধ্যেই ইউরোপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য। বার্সেলোনার হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেকে নতুন প্রজন্মের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠা করেছেন। ইনজুরি কাটিয়ে আবারও ছন্দে ফিরেছেন তিনি।

বিশ্লেষকদের মতে, এই পাঁচ তরুণের যেকোনো একজন কিংবা একাধিক খেলোয়াড় ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রমাণ করে বিশ্ব ফুটবলের পরবর্তী সুপারস্টার হিসেবে উঠে আসতে পারেন।

সূত্র: আইউইটনেস নিউজ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here