রাফিনিয়া-কান্সেলোর গোলে বার্সেলোনার জয়

0
রাফিনিয়া-কান্সেলোর গোলে বার্সেলোনার জয়

পুরো ম্যাচে আক্রমণে আধিপত্য দেখিয়ে রেয়াল বেতিসকে ৩-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। রাফিনিয়ার জোড়া গোলের সঙ্গে একটি গোল করেন জোয়াও কান্সেলো।

রবিবার রাতে কাম্প নউয়ে লিগের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে হান্সি ফ্লিকের দল। শিরোপা নিশ্চিত করার পর আগের ম্যাচে হারলেও এবার জয়ে ফিরলো কাতালান ক্লাবটি।

৩৭ ম্যাচ শেষে ৩১ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৯৪। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বেতিস।

ম্যাচের ২৮তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। এরপরও একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে আর গোল পায়নি স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। প্রতিপক্ষের ভুল পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান কমান ইসকো। বক্সের ভেতরে তাকে ফাউল করলে ভিডিও সহকারি রেফারির সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন ম্যাচ কর্মকর্তা।

তবে ৭৪তম মিনিটে আবারও দুই গোলের ব্যবধান গড়ে বার্সেলোনা। পেদ্রির পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন কান্সেলো।

ম্যাচের আরেকটি বড় আলোচনার বিষয় ছিল রবের্ত লেভানদোভস্কি। মৌসুম শেষে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেওয়া এই পোলিশ তারকা ঘরের মাঠে শেষ ম্যাচ খেললেন। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে তাকে তুলে নেওয়া হলে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। দর্শকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে বিদায় জানান তাকে।

ম্যাচ শেষে সতীর্থরা লেভানদোভস্কিকে শূন্যে তুলে উদযাপন করেন। বার্সেলোনার সভাপতিও তার হাতে বিশেষ স্মারক তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here