জনপ্রিয় হলিউড অভিনেতা মার্ক রাফালো আশঙ্কা করছেন যে, বড় স্টুডিওগুলোর একীভূতকরণের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি ইতোমধ্যে প্যারামাউন্ট-স্কাইড্যান্সের নিষিদ্ধ তারকাদের তালিকায় স্থান পেয়েছেন। সম্প্রতি ‘আইভ হ্যাড ইট’ পডকাস্টে হাজির হয়ে মার্ভেল চলচ্চিত্রের জনপ্রিয় এই তারকা বিনোদন দুনিয়ার এই করপোরেট আগ্রাসনের বিরুদ্ধে নিজের কড়া অবস্থান পুনর্ব্যক্ত করেন।
ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওর সঙ্গে প্যারামাউন্টের সম্ভাব্য একীভূতকরণের তীব্র বিরোধিতা করে আসছেন রাফালো, যা নিয়ে হলিউডের অন্দরে এখন তুমুল আলোচনা চলছে।
পডকাস্টে রাফালো জানান, কোনো কিছুর তোয়াক্কা না করেই তিনি এই প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন, কারণ তিনি জানেন চুপ থাকলেও ফলাফল একই হবে। স্টুডিওর নীতিনির্ধারকদের ইঙ্গিত করে তিনি বলেন, তিনি ইতোমধ্যে তাদের বন্ধুতালিকা থেকে বাদ পড়েছেন। তাই হয় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, না হলে আত্মসমর্পণ করতে হবে। আর পৃথিবীর সব অত্যাচারী বা প্রভাবশালীদের ক্ষেত্রে লড়াই না করে দমে যাওয়ার পরিণতি একই হয়।
ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে প্যারামাউন্টের এই চুক্তির বিরোধিতা করে রাফালো একটি খোলা চিঠি দিয়েছিলেন। সেই প্রসঙ্গে তিনি জানান, প্রথম দিকে অনেকেই সেখানে স্বাক্ষর করতে ভয় পাচ্ছিলেন। হলিউডের এক নামী এজেন্টের বক্তব্য উদ্ধৃত করে রাফালো বলেন, প্যারামাউন্টের শীর্ষ কর্তারা অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ স্বভাবের, আর এই ভয়েই অনেকে শুরুতে পিছিয়ে ছিলেন।
তবে প্রাথমিক দ্বিধা কাটিয়ে এখন হলিউডের অনেক ব্যক্তিত্বই সাহস করে এগিয়ে আসছেন বলে জানান রাফালো। তিনি মনে করেন, সাহস সংক্রামক এবং যখন অনেকে একসঙ্গে দাঁড়ায় তখন একটি সুরক্ষাবলয় তৈরি হয়। এই প্রতিবাদী চিঠিতে তার মতো এমন অনেকে আছেন যারা আর্থিক বা ক্যারিয়ারের দিক থেকে নিরাপদ, আবার এমন অনেকেই আছেন যাদের অস্তিত্বের স্বার্থেই এই লড়াইয়ে নামতে হয়েছে। এর আগে ফক্স এবং ডিজনির একীভূতকরণের ফলে হলিউডে অসংখ্য মানুষ কাজ হারিয়েছেন, অনেক চলমান ও নির্মাণাধীন সিনেমা ও শোর কাজ বন্ধ হয়ে গেছে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার বিনোদনজগতের কর্মীরা আগেভাগেই সতর্ক হচ্ছেন।
এর আগে, গত এপ্রিল মাসে খোলা চিঠি এবং মে মাসে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-এ একটি নিবন্ধ লিখে প্যারামাউন্ট-স্কাইড্যান্সের এই একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন রাফালো। সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছিলেন যে, হলিউডের অভিনেতা ও নির্মাতারা স্টুডিওগুলোর প্রতিশোধের ভয়ে তটস্থ থাকেন। রাফালোর মতে, সেই চিঠিতে কারা স্বাক্ষর করেছেন তার চেয়েও বড় বিষয় ছিল কারা ভয়ে স্বাক্ষর করতে পারেননি। শিল্পীদের এই গভীর ও সর্বগ্রাসী ভয়ই প্রমাণ করে যে, এই ধরনের করপোরেট চুক্তি বিনোদনজগতের মুক্ত পরিবেশের জন্য কতটা মারাত্মক হুমকি।
সূত্র: ভ্যারাইটি

