কান চলচ্চিত্র উৎসবের নিয়মিত মুখ হাভিয়ের বারদেম শনিবার পালে দে ফেস্তিভাল ভবনে উপস্থিত সবার ভালোবাসায় সিক্ত হলেন। উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে বিশ্ব প্রিমিয়ার হওয়া তার নতুন চলচ্চিত্র ‘দ্য বিলাভেড’ প্রদর্শনী শেষে দর্শকদের কাছ থেকে টানা ৭ মিনিটের দাঁড়িয়ে সম্মান বা ‘স্ট্যান্ডিং ওভেশন’ লাভ করেছে। সিনেমাটি শেষ হওয়ার পর উচ্ছ্বসিত বারদেমকে ছবির পুরো কলাকুশলীদের জড়িয়ে ধরতে দেখা যায়। গ্যালারিতে থাকা দর্শকদের উদ্দেশে হাত নাড়ার পাশাপাশি একপর্যায়ে তিনি উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমোকেও পরম মমতায় বুকে টেনে নেন।
অস্কার মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাদার’-এর পরিচালক রদ্রিগো সোরোগোয়েন পরিচালিত এই সিনেমায় বারদেম একজন কিংবদন্তি পরিচালকের চরিত্রে অভিনয় করেছেন। গল্পে দেখা যায়, দীর্ঘদিন ধরে দূরত্ব বজায় রাখা নিজের মেয়েকে (ভিক্টোরিয়া লুয়েঙ্গো) অভিনয়ে ক্যারিয়ার গড়ার সুযোগ দেওয়ার অজুহাতে তিনি তার নতুন চলচ্চিত্রে একটি চরিত্র অফার করেন। শুটিং সেটে একসঙ্গে কাজ করার সুবাদে বছরের পর বছর ধরে চলা তাদের মধ্যকার দূরত্ব ঘুচতে শুরু করলেও, একইসঙ্গে তা পুরোনো কিছু ক্ষতকেও নতুন করে উসকে দেয়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মেলিনা ম্যাথিউস, মারিনা ফোইস এবং মালেনা ভিলা। দুটি মানুষের মধ্যকার দীর্ঘদিনের বিচ্ছিন্নতার অনুভূতি পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বারদেম ও লুয়েঙ্গো একে অপরের সঙ্গে পরিচিত না হয়েই সরাসরি শুটিং সেটে প্রথম দৃশ্যের কাজ করেছিলেন।
কান চলচ্চিত্র উৎসবে এটি হাভিয়ের বারদেমের ষষ্ঠ সিনেমা এবং মূল প্রতিযোগিতা বিভাগে চতুর্থ। এর আগে তার অভিনীত আসগর ফরহাদির ‘এভরিবডি নোস’, শন পেনের ‘দ্য লাস্ট ফেস’ এবং আলেহান্দ্রো গনজালেস ইনারিতুর ‘বিউটিফুল’ কানের মূল প্রতিযোগিতায় লড়েছিল। ২০১০ সালে ‘বিউটিফুল’ সিনেমার জন্য তিনি কানের সেরা অভিনেতার পুরস্কারও জিতেছিলেন। এ ছাড়া উডি অ্যালেনের ‘ভিকি ক্রিস্টিনা বার্সেলোনা’ এবং কোয়েন ব্রাদার্সের ‘নো কান্ট্রি ফর ওল্ড মেন’ সিনেমা নিয়েও তিনি এই মঞ্চে হাজির হয়েছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বারদেম কানের মঞ্চে তার বিভিন্ন অভিজ্ঞতার কথা স্মরণ করে জানান, এই উৎসবের বহু রূপ তিনি দেখেছেন। তিনি এখানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বিশ্বের অন্যতম সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন, আবার একইসঙ্গে এমন সিনেমা নিয়েও এসেছেন যা দর্শক-সমালোচকদের তীব্র নিন্দার মুখে পড়েছিল। তবে সব মিলিয়ে কানের মঞ্চে নিজের নতুন ছবি নিয়ে এমন আবেগঘন ও উষ্ণ অভ্যর্থনা বারদেমের ক্যারিয়ারে আরও একটি স্মরণীয় অধ্যায় যোগ করল।
সূত্র: ভ্যারাইটি

