কুষ্টিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

0
কুষ্টিয়ায় বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু

কুষ্টিয়ায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ উপলক্ষে জেলা খাদ্য সংগ্রহ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন।

সভায় চলতি মৌসুমে বোরো ধান, গম, আতপ চাল ও সিদ্ধ চাল সংগ্রহের কর্মপরিকল্পনা এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধান ও গম ৩৬ টাকা দরে সংগ্রহ করা হবে। পাশাপাশি আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৮ টাকা এবং সিদ্ধ চালের দাম ৪৯ টাকা প্রতি কেজি।

ঘোষণা অনুযায়ী, ধান ও গম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে ৩ মে থেকে এবং চলবে ৩১ আগস্ট পর্যন্ত। অন্যদিকে চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে।

জেলার ছয়টি উপজেলায় মোট ৩ হাজার ৬৩৮ মেট্রিক টন ধান, ২ হাজার ৩৫৯ মেট্রিক টন গম, ৯০৮ মেট্রিক টন আতপ চাল এবং ৩৭ হাজার ৭৪৬ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ৩৮৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া কুমারখালী, মিরপুর, দৌলতপুর, ভেড়ামারা ও খোকসা উপজেলাতেও পৃথক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় জানানো হয়, জেলায় বর্তমানে ১২৯টি হাস্কিং রাইস মিল ও ৬১টি অটো রাইস মিলসহ মোট ১৯০টি অনুমোদিত চালকল রয়েছে। মিল মালিকদের ১৫ থেকে ২৫ মে’র মধ্যে চুক্তি সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি বা চাল সরবরাহে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ নিশ্চিত করতে ‘কৃষক অ্যাপ’ ব্যবহারের পাশাপাশি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তালিকাভুক্ত কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রয়োজন হলে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে বলেও সভায় জানানো হয়।

কৃষকদের সচেতন ও উৎসাহিত করতে মাইকিং, লিফলেট বিতরণ এবং কেবল টিভিতে প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন বলেন, খাদ্য সংগ্রহ অভিযানে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। প্রকৃত কৃষক যেন ন্যায্য মূল্য পান এবং সরকারি গুদামে মানসম্মত খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি করবে।

সভায় উপস্থিত ছিলেন মুফতি আমির হামজা, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আল-ওয়াজিউর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. ওয়াহিদুজ্জামান, কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. আবু জাফর মোল্লাসহ খাদ্য সংগ্রহ কমিটির সদস্য ও মিল মালিক প্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here