যশোরের ভবদহ এলাকার প্রায় ১০ লাখ মানুষকে জলাবদ্ধতার দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আজ শনিবার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে “ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিবসা ও পশুর নদীর অববাহিকায় পলি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এক সম্ভাব্যতা সমীক্ষা কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, জলাবদ্ধতা নিরসনে স্থানীয় রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নয়, বরং মানুষের দুর্ভোগ লাঘব করাই সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, বিষয়টি প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে এই সমস্যার সমাধানের নামে বারবার অর্থ বরাদ্দ হলেও বাস্তবে কাজ হয়নি, বরং অনিয়ম ও লুটপাটের কারণে জনগণের আস্থার সংকট তৈরি হয়েছে। এ আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের ওপর জোর দেন তিনি।
কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এবং পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. রুহুল আমিন।
দিনব্যাপী এ কর্মশালায় পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় ভুক্তভোগী ও সাংবাদিকরা অংশ নেন এবং তাদের মতামত তুলে ধরেন।

