কুমিল্লায় দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই

0
কুমিল্লায় দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে লাখ টাকা ছিনতাই

কুমিল্লায় দিনদুপুরে অস্ত্রের মুখে জিম্মি করে নাসির উদ্দিন আহমেদ নামে একজনের কাছ থেকে এক লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

সোমবার দুপুরে কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের দক্ষিণে ওয়াপদা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার নাসির উদ্দিন আহমেদ কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকার বাসিন্দা। তিনি ২০০৯ সালে বিজিবি থেকে অবসর গ্রহণ করেন।

ভুক্তভোগী নাসির উদ্দিন আহমেদ জানান, সোমবার তিনি পদুয়ার বাজার এলাকা থেকে মেয়ের নির্মাণাধীন বাড়ির জন্য টাইলস কিনে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে ওয়াপদা বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি কালো রঙের হাইএক্স মাইক্রোবাস তাদের অটোরিকশার গতিরোধ করে। মাইক্রোবাস থেকে ৫ যুবক নেমে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কোমরে গুঁজে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

তিনি জানান, টাইলস কেনার পর অবশিষ্ট ওই টাকা দিয়ে ইলেকট্রনিকস সামগ্রী কেনার পরিকল্পনা ছিল।

তিনি আরো বলেন, ঝামেলা এড়াতে প্রথমে থানায় যাইনি। তবে লিখিত অভিযোগ করবো।

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here