ব্রিটিশ-আলবেনীয় পপ তারকা ডুয়া লিপা দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি কোম্পানি স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮৩ কোটি ৫৬ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবিতে মামলা করেছেন। অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই তাঁর ছবি ব্যবহার করে টেলিভিশন বিপণন করা হয়েছে।
মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। মামলায় বলা হয়েছে, ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের টিভির কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছে, অথচ এ বিষয়ে তাঁর কোনো অনুমতি নেওয়া হয়নি বা তাঁকে জানানো হয়নি।
মামলার নথিতে দাবি করা হয়েছে, ডুয়া লিপার জনপ্রিয়তা ও বৈশ্বিক ব্র্যান্ডমূল্য ব্যবহার করে পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করেছে কোম্পানিটি। তাঁর আইনজীবীদের ভাষায়, ‘ডুয়া লিপার মুখ ব্যবহার করে একটি ভোক্তা পণ্যের বড় পরিসরে প্রচারণা চালানো হয়েছে, যেখানে তাঁর কোনো সম্মতি বা নিয়ন্ত্রণ ছিল না।’
অভিযোগে আরও বলা হয়, গায়িকার ছবিটি এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে ভোক্তাদের মনে হতে পারে তিনি ওই পণ্যের সঙ্গে যুক্ত বা অনুমোদন দিয়েছেন। কিন্তু বাস্তবে এমন কোনো চুক্তি ছিল না।
মামলার কাগজপত্রে উল্লেখ করা হয়েছে, ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অস্টিন সিটি লিমিট মিউজিক ফেস্টিভ্যালের ব্যাকস্টেজে তোলা হয়েছিল এবং ছবিটির কপিরাইটও ডুয়া লিপার নিজের বলে দাবি করা হয়েছে।
মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু মন্তব্যও যুক্ত করা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা লিখেছেন, ডুয়া লিপার ছবি দেখে তারা টিভিটি কিনতে আগ্রহী হয়েছেন বা পণ্যটির সঙ্গে তাঁকে যুক্ত ভেবেছেন।
গায়িকার পক্ষের দাবি, এসব মন্তব্য প্রমাণ করে যে ছবিটির ব্যবহার সরাসরি ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। আইনজীবীরা আরও বলেন, ডুয়া লিপা নিজের ইমেজকে একটি প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে গড়ে তুলেছেন এবং তিনি সাধারণত বাছাই করে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হন। তাই অনুমতি ছাড়া ছবি ব্যবহার তাঁর ব্র্যান্ড মূল্যেও ক্ষতি করেছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

