যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ পাড়ি দিল কাতারের এলএনজি ট্যাংকার

0
যুদ্ধ শুরুর পর প্রথমবার হরমুজ পাড়ি দিল কাতারের এলএনজি ট্যাংকার

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে শুরু করা সংঘাতের উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এটি সংঘাত শুরুর পর কাতারের মালিকানাধীন ও পরিচালিত প্রথম ট্যাংকার, যা হরমুজ প্রণালী পাড়ি দিল।

‘আল খারাইতিয়াত’ নামের ট্যাংকারটি বর্তমানে পাকিস্তানের উদ্দেশে যাত্রা করছে। রবিবার ভোরে এটি ওমান উপসাগরে অবস্থান করছিল বলে জাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট মেরিনট্রাফিকের তথ্য থেকে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়। এর ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুটটিতে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকটাই কমে যায়।

জাহাজটির চলাচলের তথ্যানুযায়ী, ‘আল খারাইতিয়াত’ ইরান অনুমোদিত উত্তরাঞ্চলীয় রুট ব্যবহার করে কেশম দ্বীপের নিকট দিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে আন্তর্জাতিক জ্বালানি ও শিপিং খাত।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কাতারের এই ট্যাংকারের নিরাপদে চলাচল প্রমাণ করে যে, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ ও সার্বভৌম কর্তৃত্ব এখনও কার্যকর রয়েছে।

‘আল খারাইতিয়াত’ ট্যাংকারটি ২ লাখ ঘনমিটারের বেশি তরল গ্যাস বহনে সক্ষম। চলতি মাসের শুরুতে এটি কাতারের রাস লাফান রফতানি কেন্দ্র থেকে এলএনজি বোঝাই করে যাত্রা শুরু করে।

বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ আসে কাতার থেকে। তবে চলমান সংঘাতের কারণে দেশটির গ্যাস উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে এবং প্রধান রফতানি স্থাপনাগুলোর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আন্তর্জাতিক বিভিন্ন সূত্র জানিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে কাতারের এই ট্যাংকারের চলাচল আন্তর্জাতিক জ্বালানি বাজারে কিছুটা আস্থা ফিরিয়ে আনতে পারে। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here