চোটে এল ক্লাসিকোতে নেই ইয়ামাল, চাপে বার্সা শিবির

0
চোটে এল ক্লাসিকোতে নেই ইয়ামাল, চাপে বার্সা শিবির

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোটে দলটির তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামালকে বেঞ্চে বসে কাটাতে হচ্ছে। ইয়ামালের অনুপস্থিতিতে ডান প্রান্তে আক্রমণের দায়িত্ব পড়ছে রাফিনিয়ার কাঁধে। 

চলতি মৌসুমে বার্সেলোনার আক্রমণভাগের প্রাণভোমরা হয়ে উঠেছেন লামিন ইয়ামাল। তার অনুপস্থিতিতে বিকল্প খুঁজছেন কোচ হান্সি ফ্লিক। তবে, নিজের সীমাবদ্ধতার বিষয়ে রাফিনিয়া বলেন, যদি আমি ডান প্রান্তে খেলি, তবে আমার কাছ থেকে বিশেষ কিছু আশা করবেন না। কারণ আমি লামিন নই। লামিন একজন তারকা এবং সে মাঠে যা করে তা অবিশ্বাস্য।

তার এমন মন্তব্য ভক্তদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও, বড় ম্যাচের আগে চাপ কমানোর একটি কৌশল হিসেবে দেখছেন অনেকে।

দীর্ঘ বিরতির পর ক্লাসিকোর মঞ্চে ফিরছেন রাফিনিয়া নিজেও। আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিলের হয়ে প্রীতি ম্যাচ খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। এই চোটের কারণে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলতে পারেননি। লম্বা সময় পুনর্বাসন শেষে দলে ফিরলেও এখনো শতভাগ ফিট নন। 

রাফিনিয়া বলেন, আমি এখনো সেরা ছন্দে ফিরতে একটু পিছিয়ে আছি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি অনেক কঠিন হবে। গাণিতিক হিসেবে তারা এখনো লিগ জয়ের লড়াইয়ে আছে, তাই আমাদের এক বিন্দু ছাড় দেবে না।

দলবদলের বাজারে রাফিনিয়াকে নিয়ে প্রায়ই গুঞ্জন ওঠে। তবে ক্লাসিকোর আগে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ২০২৮ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তিবদ্ধ রাফিনিয়া বলেন, আমি নিজেকে আগামী অনেক বছর এই ক্লাবেই দেখছি। যদি ক্লাব কথা বলতে চায়, আমি প্রস্তুত। তবে আমার দিক থেকে বার্সা ছাড়ার কোনো চিন্তা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here