বলিউডের বর্তমান সময়ের পরিচিত মুখ দিশা পাটানি অ্যাকশন-থ্রিলারভিত্তিক মুভি ‘দ্য পোর্টাল অফ ফোর্স’-এর মাধ্যমে হলিউডে অভিষেক করতে চলেছেন। স্থানীয় সময় শুক্রবার(৮ মে) ছবিটির ট্রেলার প্রকাশ করা হয়েছে।
ট্রেলারে দিশাকে জেসিকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে, যিনি স্ট্যাটিগার্ডস এবং হলিগার্ডস—এই দুটি প্রাচীন গোষ্ঠীর মাঝে আটকা পড়া এক কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এতে দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের সংঘাতকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে জেসিকাকে ‘নির্বাচিতা’ হিসেবে দেখানো হয়েছে।
ছবিটিতে দিশা ছাড়াও আরও অভিনয় করেছেন কেভিন স্পেসি, টাইরেস গিবসন এবং ডলফ লুন্ডগ্রেন। এই প্রজেক্টটি লাডো ওখোটনিকভের তৈরি নতুন সিনেম্যাটিক ইউনিভার্স ‘স্ট্যাটিগার্ডস ভার্সেস হলিগার্ডস সাগা’-র প্রথম কিস্তি।
ছবির প্রেক্ষাপটে জেসিকা উভয় পক্ষের প্রতিদ্বন্দ্বী নেতাদের কন্যা এবং তিনি এই যুদ্ধ ও মানবজাতির ভাগ্য নির্ধারণে মূল ব্যক্তিত্বে পরিণত হন।
হলিউপে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, আমি এই বিশেষ প্রজেক্টটির ট্রেলারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। আমার প্রথম আন্তর্জাতিক কাজ ছিল, একই সঙ্গে রোমাঞ্চকর এবং ভীতিকর। তবে অভিনয়ের কৌশল অন্বেষণের সুযোগ ছিল বিশাল। অভিজ্ঞ ও বৈচিত্র্যময় কলাকুশলীদের সঙ্গে কাজ করাটা নিজেই একটা শিক্ষার মতো ছিল। আপনি উপলব্ধি করবেন যে গল্প বলা ভাষা এবং ভৌগোলিক সীমানাকে অতিক্রম করে, পর্দায় সততা সর্বজনীন। আমি সবসময়ই অ্যাকশন ভালোবাসি এবং নিজের দেশে যা শিখেছি তা একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে নিয়ে আসাটা আমাকে অবিশ্বাস্যভাবে শক্তি যুগিয়েছে।
আন্তর্জাতিক কলাকুশলীদের সঙ্গে কাজ করার সময় এই চলচ্চিত্রটিকে একটি শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবেও বর্ণনা করেছেন এই অভিনেত্রী।
কেভিন স্পেসি পরিচালিত এই চলচ্চিত্রটির মাধ্যমে দুই দশকেরও বেশি সময় পর তিনি পরিচালনায় ফিরছেন। নির্মাতারা সিনেমাটিকে দুটি বিরোধী প্রাচীন শক্তির মধ্যে একটি গোপন যুদ্ধকে কেন্দ্র করে নির্মিত একটি অতিপ্রাকৃত অ্যাকশন-থ্রিলার হিসেবে বর্ণনা করেছেন। হলিউডে অভিষেকের পাশাপাশি দিশাকে আসন্ন বলিউড চলচ্চিত্র ‘আওয়ারাঁপন ২’-এও দেখা যাবে।

