লা লিগায় চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে বার্সেলোনা। এখন যেন কেবল শিরোপা বুঝে নেওয়ার অপেক্ষা। অন্যদিকে রিয়াল মাদ্রিদের ফুটবল আকাশে এখন বারুদের গন্ধ। চ্যাম্পিয়নস লিগের পর, লা লিগার শিরোপাও হারানোর পথে রয়েছে দলটি।
রবিবার (১০ মে) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’তে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে রিয়াল।
তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের। এখনও তার বাম পায়ের পেশীর চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। এই মুহূর্তে ক্লাব এই স্ট্রাইকারকে নিয়ে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে যখন রিয়াল মাদ্রিদের শিরোপার জন্য লড়াই করার আর কোনো বাস্তবসম্মত সুযোগ নেই।
এমবাপে গত মৌসুমে বার্সেলোনার মাটিতে রিয়াল মাদ্রিদের পরাজয় সত্ত্বেও ক্লাসিকোতে হ্যাটট্রিক করেছিলেন। চোট থেকে সেরে ওঠার সময় ছুটির দিনে তার ইতালি ও ফ্রান্স ভ্রমণ নিয়ে বিতর্কের পর তার এই অনুপস্থিতির খবরটি এসেছে। গতকাল তিনি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেননি।
লিগে রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে বার্সা। আজ জিতলে বা ড্র করলেই নিজেদের ২৯তম লিগ শিরোপা নিশ্চিত করবে কাতালানরা।

