লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় প্যান্ট জব্দ করেছে।
বৃহস্পতিবার সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার ঘাঘলা বাজার এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে—এমন তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় মালামাল নিয়ে আসছিলেন। বিজিবি থামার সংকেত দিলে তারা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫০০ মিটার ভারতীয় প্যান্ট জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) জানায়, জব্দ হওয়া মালামালের মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানবপাচার প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

