হুমকি বন্ধ হলে হরমুজে চলাচল স্বাভাবিক হতে পারে : আইআরজিসি

0
হুমকি বন্ধ হলে হরমুজে চলাচল স্বাভাবিক হতে পারে : আইআরজিসি

‌‘আগ্রাসীদের হুমকি শেষ হলে’ হরমুজ প্রণালি আবারও খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। 

যদিও ওই বিবৃতিটির অর্থ এখনই পুরোপুরি পরিষ্কার নয়, তবে ‘ইরানের নিয়ম-নীতি মেনে’ হরমুজ প্রণালি অতিক্রম করার জন্য জাহাজ মালিকদের ধন্যবাদ জানিয়েছে আইআরজিসি।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আগ্রাসীদের হুমকি শেষ হলে এবং নতুন ব্যবস্থার আওতায় প্রণালিটি দিয়ে নিরাপদে ও স্থায়ীভাবে চলাচলের সুযোগ তৈরি হবে।’

আইআরজিসি এই বিবৃতি এমন সময় দিয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক ঘণ্টা আগেই ঘোষণা দেন যে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করছে।

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান যুদ্ধের ইতি টানতে সম্ভাব্য চুক্তির পথে বড় ধরনের অগ্রগতির খবর পাওয়া গেছে। হোয়াইট হাউজ মনে করছে, তারা তেহরানের সাথে একটি এক পৃষ্ঠার সমঝোতা স্মারক স্বাক্ষরের একেবারে কাছাকাছি পৌঁছেছে। এই সমঝোতার মূল লক্ষ্য হলো চলমান সংঘাতের অবসান ঘটানো এবং আরও বিস্তারিত পরমাণু আলোচনার জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা। দুইজন মার্কিন কর্মকর্তা এবং এই বিষয়ে অবগত আরও দুটি সূত্র সংবাদমাধ্যমকে এই ইতিবাচক অগ্রগতির কথা নিশ্চিত করেছেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ইরানের কাছ থেকে চূড়ান্ত উত্তরের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। যদিও এখনো কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ এই প্রথম কোনো চুক্তির এত কাছাকাছি পৌঁছেছে। 

সূত্র : বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here