গাইবান্ধার গোবিন্দগঞ্জে চাঁদা দাবি, হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় এক বছর পর এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন উপজেলার নাকাই ইউনিয়নের পাটোয়া (মালেনিপাড়া) গ্রামের আব্দুর রহিম সেখ (৫৬), সাজু মিয়া সেখ (৫৩), শাহজালাল সেখ (৪৬), নিজাম সেখ (২২), জিন্নুন প্রধান (৬০), লাভলু রহমান (৫৩), আরিফ হোসেন (২৩) ও নজরুল ইসলাম (৫৫)।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বুধবার (৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৪ এপ্রিল নাকাই ইউনিয়নের পাটোয়া গ্রামের আতিকুর রহমান সরকার বাদী হয়ে চাঁদা দাবি, হামলা ও বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগে থানায় মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখের পাশাপাশি আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা আসামি করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই মামলার পলাতক আট আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওসি মোজাম্মেল হক জানান, গ্রেপ্তার আসামিদের বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

