নীলফামারীর কিশোরগঞ্জে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও নিম্নমানের কলা সরবরাহের অভিযোগ উঠেছে। সোমবার (৪ মে) উপজেলার পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পচা ডিম দেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ওই বিদ্যালয়ে পচা ডিম সরবরাহ করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মনোয়ার হোসেন নামে এক অভিভাবক বলেন, শিক্ষার্থীদের খাবারের সঙ্গে এমন পচা নিম্নমানের খাবার দিলে তাদের শরীর অসুস্থ হবে। যেখানে সরকার তাদের পুষ্টি নিশ্চিত করতে প্রকল্প গ্রহণ করেছে, সেখানে পচা খাবার দিয়ে উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে।
আরেক অভিভাবক সালমা বেগম বলেন, সন্তানদের পচা খাবার দেওয়া হচ্ছে, এসব না দেওয়াই ভালো। শিশুরা এসব খাবার খেলে অসুস্থ হয়ে যাবে।
এ বিষয়ে পুষনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদা বেগম বলেন, শিক্ষার্থীরা খাওয়ার সময় অনেকে পচা ডিম পেয়েছে। খাওয়ার যোগ্য না হওয়ায় সেগুলো ফেরত নেওয়া হয়েছে। পরে বিষয়টি খাবার সরবরাহকারীদের জানানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডা. মাহমুদা বেগম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, পচা ডিম দেওয়া গুরুতর অপরাধ। আপনি এ ব্যাপারে সহকারী শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলেন।’
এদিকে অভিযোগ উঠেছে, উপজেলার আরও কয়েকটি বিদ্যালয়েও নিম্নমানের ও পচা খাবার সরবরাহ করা হয়েছে। তবে এ বিষয়ে কোনো কর্মকর্তা এখনও কোনো ব্যবস্থা নেয়নি।

