অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্টের অডিটোরিয়ামে বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অর্ক হাসানের সঞ্চালনায় এবং রিলায়াবল কলেজ অব নার্সিং এর প্রধান নির্বাহী মোহাম্মাদ আবদুল মতিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত শিক্ষাবিদ ও ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর শাহেদা ওবায়েদ।
তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতার এই যুগে শিক্ষাকে কেবল জ্ঞানার্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দক্ষতা, উদ্ভাবন ও মূল্যবোধভিত্তিক মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞানী ডক্টর হুমায়ের চৌধুরী রানা, ডক্টর ওয়ালিউল ইসলাম, ডক্টর নার্গিস বানু, ডক্টর মো: সিরাজুল হক, কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কাউন্সিলর শিরিন আক্তার, একুশ ও স্বাধীনতা পদকপ্রাপ্ত লেখক আব্রাহাম লিংকন, জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিন, বিএনপি অস্ট্রেলিয়ার সিনিয়র সহ-সভাপতি একেএম ফজলুল হক শফিক, হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন, বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি এডভোকেট মোবারক হোসেন, দি গ্লোবাল এডুকেশন হাব সিডনির প্রধান নির্বাহী বেলাল হোসেন ঢালী,বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি রুহুল আহমেদ সওদাগরসহ আরও অনেকে।
আলোচকরা বাংলাদেশের শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষার সম্প্রসারণ, আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম প্রণয়ন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা, গবেষণা ও পেশাগত দক্ষতাকে দেশের শিক্ষাখাতে কার্যকরভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।
সেমিনারে উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রস্তাবনার মধ্যে ছিল প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষকদের বেতন-ভাতা ও পেশাগত সুবিধা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং উন্নত দেশ বিশেষ করে অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা। পাশাপাশি কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তার, শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা, যোগ্যতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ নিশ্চিত করা এবং সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিক্ষা নীতির মৌলিক পরিবর্তন না করে ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

