আজ ৩ মে, রবিবার। বিশ্বজুড়ে পালিত হচ্ছে দশম ‘আন্তর্জাতিক বন্য কোয়ালা দিবস’ (Wild Koala Day)। অস্ট্রেলিয়ার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত’ এই শান্ত স্বভাবের মারসুপিয়াল প্রাণী এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল রক্ষার লক্ষ্যে এক দশক ধরে এই দিবসটি পালিত হয়ে আসছে।
২০১৬ সালে প্রথম যাত্রা শুরু করা এই আন্দোলনের ১০ বছর পূর্ণ হচ্ছে এবার। বিশেষ এই বার্ষিকী উপলক্ষে অস্ট্রেলিয়াসহ বিশ্বজুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
কেন এই দিবস?
অস্ট্রেলিয়ার আদি প্রাণী কোয়ারা মূলত ইউক্যালিপটাস বনের ওপর নির্ভরশীল। কিন্তু গত কয়েক দশকে ভয়াবহ দাবানল, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ফলে এই প্রাণীর অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়েছে। পরিসংখ্যান বলছে, গত এক দশকে প্রায় ১ কোটি কোয়ালা প্রাণ হারিয়েছে। ২০২২ সালে কোয়ালাদের আনুষ্ঠানিকভাবে ‘বিপন্ন’ (Endangered) প্রজাতির অন্তর্ভুক্ত করা হয়।
দিবসটির গুরুত্ব ও প্রধান কার্যক্রম:
- আবাসস্থল রক্ষা: কোয়ালাদের প্রধান খাদ্য ইউক্যালিপটাস পাতার যোগান নিশ্চিত করতে বন রক্ষা এবং নতুন গাছ রোপণের ওপর জোর দেওয়া হয়।
- বিপদ সম্পর্কে সচেতনতা: সড়ক দুর্ঘটনা, গৃহপালিত পশুর আক্রমণ এবং ক্ল্যামাইডিয়ার মতো প্রাণঘাতী রোগ থেকে কোয়ালাদের বাঁচাতে জনসচেতনতা তৈরি করা।
- দশ বছরের সাফল্য: গত ১০ বছরে কমিউনিটি গ্রুপগুলোর মাধ্যমে অস্ট্রেলিয়াজুড়ে প্রায় ৯ লক্ষ ৯ হাজার কোয়ালা-বান্ধব গাছ রোপণ করা হয়েছে।
পরিবেশবাদীদের মতে, কোয়ালারা কেবল অস্ট্রেলিয়ার সম্পদ নয়, বরং বৈশ্বিক জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। তাই এই প্রজাতিকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করতে বিশ্বব্যাপী ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দিবসটি ঘিরে #wildkoaladay এবং #wildkoaladay2026 হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে সচেতনতা ছড়ানোর আহ্বান জানানো হয়েছে।

