বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে নেই ইংলিশ অধিনায়ক

0
বিশ্বকাপের আগে কিউইদের বিপক্ষে নেই ইংলিশ অধিনায়ক

বাম পায়ের কাফ মাসলে সামান্য চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সাইভার-ব্রান্ট। দেশটির ক্রিকেট বোর্ড (ইসিবি) এই পদক্ষেপকে একটি ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করেছেন।

এই সিরিজটি দিয়েই জুনে ঘরের মাঠে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের প্রস্তুতি শুরু হবে। এদিকে সাইভার-ব্রান্টের অনুপস্থিতিতে সহ-অধিনায়ক চার্লি ডিনকে দলে ফিরিয়ে আনা হয়েছে। পিঠের স্ট্রেস ফ্র্যাকচার থেকে সেরে ওঠার কারণে এই সিরিজে তার না খেলার কথা ছিল। টপ-অর্ডার ব্যাটার মায়া বুশিয়ারকেও ব্যাকআপ হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে মেট্রো ব্যাংক কাপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে ‘দ্য ব্লেজ’-এর হয়ে খেলার সময় সাইভার-ব্রান্ট চোট পান। ৩২ বলে ৪৭ রান করার পাশাপাশি সাত ওভারে ৪৫ রানে ২ উইকেট নেওয়া সাইভার-ব্রান্ট খেলার পর অস্বস্তি অনুভব করেন। পরে স্ক্যান করে সমস্যার মাত্রা বোঝা যায়। তাকে কিছুদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে বিশ্বকাপকে সামনে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। এরপর খেলোয়াড়রা ব্রিটিশ সেনাবাহিনী দ্বারা পরিকল্পিত একটি নেতৃত্বদান কর্মসূচিতে অংশ নিয়েছেন। চোটের কারণে সাইভার-ব্রান্ট এই কর্মসূচির শারীরিক অংশে অংশ নিতে পারেননি।

ইংল্যান্ডের নারী দল গত বছরের শেষের দিকে ওয়ানডে বিশ্বকাপের পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি, তবে মার্চ মাসে একটি প্রশিক্ষণ শিবিরের জন্য তারা দক্ষিণ আফ্রিকা সফর করেছিল। আগামী ১২ জুন এজবাস্টনে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে নিজেদের গুছিয়ে নেওয়ার লক্ষ্যে তারা এই মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে এবং এরপর ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here