বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির ৫৪ জনের পদত্যাগ

0
বগুড়ায় ফল ব্যবসায়ী সমিতির ৫৪ জনের পদত্যাগ

প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে স্টেশন রোডে অবৈধভাবে দেশীয় ফল বিক্রির প্রতিবাদে ফল ব্যবসায়ী সমিতির ৫৪ জন আড়তদার একযোগে পদত্যাগ করেছেন।

রবিবার (৩ মে) দুপুরে শহরের তিনমাথা এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন।এতে লিখিত বক্তব্য পাঠ করেন আমদানি-রপ্তানিকারক ও দেশী ফল আড়ত মালিক সমবায় লিমিটেডের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আরফান।

ব্যবসায়ীদের নেতাদের অভিযোগ, স্টেশন রোডের তীব্র যানজট ও উচ্ছিষ্ট ময়লা-আবর্জনা থেকে শহরকে মুক্ত রাখতে গত বছরের মে মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাইকারি ফলের বাজার তিনমাথা সংলগ্ন এলাকায় স্থানান্তরের অনুমতি দেওয়া হয়। পরবর্তীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্তে শহরের যানজট নিরসনে স্টেশন রোডের পাইকারি বাজার সরিয়ে নেওয়ার জন্য পুলিশ সুপার, পৌর মেয়র ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে সেখানে সুষ্ঠু পরিবেশে ব্যবসা চললেও, কতিপয় ব্যবসায়ী পুনরায় জেলা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে স্টেশন রোডে অবৈধভাবে ফল নামিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন।

সংবাদ সম্মেলনে বক্তারা শহরের শৃঙ্খলা বজায় রাখতে এবং অবৈধভাবে দখল হওয়া স্টেশন রোডে ফলের কারবার বন্ধে দ্রত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম আরফান, সাবেক সাধারণ সম্পাদক স্বাধীন আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আজমল হোসেন, সাবেক প্রচার সম্পাদক আইনুল ইসলাম ও সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল বারীসহ ৫৪ জন আড়তদার পদত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here