পশ্চিমবঙ্গে নির্বাচন: ভোট গণনার আগে ফের বন্ধ বুড়িমারী স্থলবন্দর

0
পশ্চিমবঙ্গে নির্বাচন: ভোট গণনার আগে ফের বন্ধ বুড়িমারী স্থলবন্দর

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে আবারও আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে বুড়িমারী স্থলবন্দরে।

রবিবার সকাল ৬টা থেকে ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন।

কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট জিতিন যাদব ও জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট সন্দীপ কুমার ঘোষ স্বাক্ষরিত দুটি পৃথক নির্দেশনায় এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

জানা গেছে, দুই জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত দুটি চিঠির বরাতে ভারতের চ্যাংড়াবান্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টকে এই তথ্য জানায়।

কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় বলা হয়েছে, ‘কোচবিহার, বিএনএসএস, ২০২৩-এর ধারা ১৬৩(২) অনুযায়ী প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে এই মর্মে একতরফা আদেশ জারি করছি যে, এই জেলার আওতাধীন আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ব্যক্তি ও যানবাহনের যাতায়াত ৩ মে সকাল ৬টা থেকে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে।’

অপর দিকে পশ্চিমবঙ্গ সরকারের জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের (বিচারিক মুন্সিখানা) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ভোট গণনা প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত ৩ মে সকাল ৬টা থেকে এই জেলার এখতিয়ারভুক্ত ভারতীয় ভূখণ্ডে ভুটান ও বাংলাদেশে গমন এবং যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হলো।

তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে চিকিৎসাজনিত জরুরি অবস্থার ক্ষেত্রে ভুটান ও বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ, ভারতীয় নাগরিক বা বিদেশি পর্যটক, যাঁরা ইতোমধ্যে ভ্রমণে বা অন্য কোনো কারণে ভুটানে রয়েছেন, তাঁদের যথাযথ প্রক্রিয়া অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের কাছে বৈধ ভ্রমণ নথি দাখিল সাপেক্ষে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এ ছাড়া সীমান্ত চেকপোস্টগুলোতে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের পর অত্যাবশ্যকীয় পণ্য (পচনশীল দ্রব্য ইত্যাদি) বহনকারী যানবাহন চলাচল করতে পারবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ রবিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন।

তারা বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার কারণে জেলা ম্যাজিস্ট্রেট নিষেধাজ্ঞা জারি করেছেন। ৩ ও ৪ মে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। ৫ মে যথারীতি আমদানি-রপ্তানি চালু করা হবে।

নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোচবিহার জেলা ম্যাজিস্ট্রেট ও জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট কলকাতার প্রধান নির্বাচন আধিকারিক (কমিশনার), জলপাইগুড়ি বিভাগের কমিশনার, নির্বাচন পর্যবেক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনি ব্যয় তদারকি দল, শিলিগুড়ি পুলিশ কমিশনার, কোচবিহার পুলিশ সুপার, বিএসএফসহ ৫৩টি দপ্তরকে কপি দিয়েছে।

অন্যদিকে, বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, স্থানীয় ব্যাংকসহ সব গোয়েন্দা সংস্থাকে চিঠির মাধ্যমে বিষয়টি অবহিত করেছে।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) মতলেবুর রহমান বলেন, ‘ভারতের চ্যাংড়াবান্ধা ও বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি বন্ধ রাখবে বলে শুনেছি। তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আমাদের কাস্টমসের অভ্যন্তরীণ কার্যক্রম তথা পরীক্ষণ, শুল্কায়ন ও যাত্রীসেবা চালু রয়েছে।’

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আগামীকাল (৪ মে) সোমবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here