কুমিল্লা নগরীকে শব্দ দূষণ ও যানজটমুক্ত করে পরিকল্পিত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট নাগরিকরা।
গতকাল শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা ক্লাব মিলনায়তনে সামাজিক সংগঠন ‘আলোকিত বজ্রপুর’ আয়োজিত ‘প্রিয়জন আড্ডা’ অনুষ্ঠানে বক্তারা এ আহ্বান জানান।
আড্ডার শেষ পর্যায়ে অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরীর লিখিত ‘ইতিবাচকতা ছড়িয়ে পড়ুক..’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
আড্ডায় নগরের বায়ু দূষণ, শব্দ দূষণ, যানজট, জলাবদ্ধতা, অপরিকল্পিত নগরায়ন ও কুমিল্লার শিক্ষা সংস্কৃতির ঐতিহ্য নিয়ে আলোচনা করেন বক্তারা। এ ক্ষেত্রে সমস্যাগুলো থেকে উত্তরণে প্রশাসনের সঙ্গে নগরবাসীকেও ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এছাড়া নগর পরিচ্ছন্ন কার্যক্রম স্কুল পর্যায় থেকে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।
আড্ডায় অংশ নেন শিক্ষাবিদ শান্তিরঞ্জন ভৌমিক, অধ্যক্ষ শফিকুর রহমান, জহিরুল হক দুলাল, ড. আলী হোসেন চৌধুরী, ডা. ইকবাল আনোয়ার, শাহজাহান চৌধুরী, বদরুল হুদা জেনু, আহসানুল কবীর, হালিম আবদুল্লাহ, সাজ্জাদুল কবীর, মহিউদ্দিন মোল্লা ও জহির শান্ত প্রমুখ। উপস্থাপনা করেন রফিকুল ইসলাম সোহেল ও হাসিবুল হোসেন সুমন।
আড্ডার ফাঁকে বাঁশি বাজিয়ে শোনান টুটুল কর্মকার। গান শোনান কাজী খোরশেদ আলম। কবি মাহফুজ জুয়েলের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার রুবেল কুদ্দুস। অনুষ্ঠান পরিকল্পনায় ছিলেন চৌধুরী ওয়াসিফ আলী প্রবাল।

