খাগড়াছড়ি সদরের চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ পেড়াছড়া হাই স্কুলের দপ্তরী তপনোদয় চাকমার (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ ও স্থানীয়রা। শুক্রবার সকালে চেঙ্গী নদীর উত্তর গঞ্জপাড়া এলাকার বালুচরে চাপা পড়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তপনোদয়ের বাড়ি খাগড়াছড়ি সদরের জামতলী এলাকার যুবরাজ পাড়ায়। তার পিতার নাম সুজিত কুমার চাকমা।
পুলিশ জানায়, স্থানীয়রা নদীর বালুচরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও পেড়াছড়া হাই স্কুলের প্রধান শিক্ষক বিম্বিসার খীসাসহ লাশটি তাদের স্কুলের দপ্তরী তপন উদয় চাকমার বলে শনাক্ত করেন।
প্রধান শিক্ষক বিম্বিসার খীসা জানান, গত মঙ্গলবার চেংগী নদীতে লাকড়ি ধরতে গিয়ে তাদের স্কুলের দপ্তরী তপন উদয় চাকমা নিখোঁজ হন। তিন দিন পর আজ তার লাশ পাওয়া যায়। লাশ পোস্টমর্টেমের জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

