কুমিল্লা জেলা প্রশাসনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর জেলার টিম দেবিদ্বার উপজেলায় দুটি ইটভাটা মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
অভিযানে অংশ নেয়া পরিবেশ অধিদপ্তর কুমিল্লার পরিদর্শক বিল্পব কুমার সূত্রধর জানান, পরিবেশ আইন লঙ্ঘন করে ইটভাটা নির্মাণ ও ইট প্রস্তুতসহ বাজারজাত করার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের একটি টিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় দেবিদ্বার উপজেলার চন্দ্রনগর এলাকার মেসার্স এমবিএস ব্রিকস, একই এলাকার মেসার্স ফাইভ স্টার ব্রিকস থেকে ওই জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন, হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার।
অভিযানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একইসঙ্গে পরিবেশ দূষণের দায়ে ইটভাটা দুটির চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর এই কর্মকর্তা।

