ভারতের পাহাড়ি ঢলে কুমিল্লার গোমতী নদীর ওপর নির্মিত একটি বাঁশের সাঁকো ভেসে গেছে। গত ২৮ এপ্রিল (মঙ্গলবার) রাত সাড়ে ১২টার দিকে আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের গোলাবাড়ী এলাকায় নদীর ওপর নির্মিত সাঁকোটি ভেঙে পড়ে।
সদর উপজেলার সীমান্তবর্তী পাঁচথুবী ও জগন্নাথপুর ইউনিয়নের মানুষের একমাত্র সরাসরি যোগাযোগ মাধ্যম ছিল ব্যক্তি উদ্যোগে নির্মিত এ সাঁকো। প্রায় ৩০০ ফুট দীর্ঘ এই বাঁশের সাঁকোটি এলাকাবাসীর সহযোগিতায় তৈরি করা হয়েছিল, যা দিয়ে প্রায় ৫০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করতেন। কৃষিপণ্য আনা-নেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় নিকটবর্তী কোনো সেতু না থাকায় এটি বিজিবির টহল কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, সাঁকোর পাশেই দীর্ঘদিন ধরে গোলাবাড়ী সেতুর নির্মাণকাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। ফলে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় মানুষকে ঝুঁকি নিয়ে এই সাঁকোর ওপরই নির্ভর করতে হতো।
সাঁকোর পাশে দীর্ঘদিন ধরে চা বিক্রি করা মো. তাজুল ইসলাম জানান, সেতুটি থেকে প্রায় ৫০০ গজ পূর্বে ভারত সীমান্ত। সীমান্তঘেঁষা এলাকার মানুষের পাশাপাশি বিজিবি সদস্যরাও এই সাঁকো ব্যবহার করতেন। এখন সাঁকো ভেঙে যাওয়ায় দুই পাড়ের মানুষের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।
গোলাবাড়ী থেকে সাঁকো পার হয়ে জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজারে অসুস্থ মাকে দেখতে যাচ্ছিলেন তাসলিমা আক্তার। তিনি বলেন, নদী পার হতে এসে দেখি সাঁকোটি ভেঙে গেছে। এখন দুই সন্তান নিয়ে টিক্কারচর সেতু হয়ে ঘুরে যেতে হবে। এতে প্রায় ১০০ টাকা ভাড়া ও এক ঘণ্টার বেশি সময় লাগবে।
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা একটি বড় গাছ সাঁকোটিতে আঘাত করলে এর দক্ষিণ পাশ ভেঙে যায়। এতে সাঁকোটি মূল পাড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা বলেন, সাঁকো ভেঙে যাওয়ার বিষয়টি আমরা জেনেছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

