চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবার পাচ্ছে তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়িঘর

0
চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবার পাচ্ছে তারেক রহমানের উদ্যোগে নতুন বাড়িঘর

 

‘ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভুক্তভোগী মায়ের কান্না’– শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিক তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার বিকেলে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানার নেতৃত্বে এবং সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের উপস্থিতিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মাসকরা গ্রামে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের ভিত্তি স্থাপন করা হয়। এ ছাড়া ক্ষতিগ্রস্ত এই পরিবারের প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। পাশাপাশি অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ছাড়া পরিবারটির ওপরে হামলার সময় গুরুতর আহত ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল হাসান মাসুমকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসাসহায়তা প্রদান করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে বিএনপিমনোনীত প্রার্থী মো. কামরুল হুদাসহ ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কামরুল হুদা বলেন, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ সেই দায়িত্ববোধ থেকেই সব সময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা ইউনিয়নের সোনাপুর গ্রামে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে। এতে কৃষক মিলনসহ অন্তত পাঁচটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং তারা সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here