আলুর চিপস শিল্পে নতুন দিগন্ত, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

0
আলুর চিপস শিল্পে নতুন দিগন্ত, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

বাংলাদেশের আলুর চিপস শিল্প এখন দেশের দ্রুত বর্ধনশীল খাদ্য প্রক্রিয়াজাত খাতগুলোর অন্যতম। এটি কেবল জনপ্রিয় স্ন্যাকস বাজারই নয়, বরং কৃষি, শিল্প ও খুচরা বাজারের মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করেছে। 

শহর থেকে গ্রাম- সব জায়গায় কম দামের ছোট প্যাকেটের ব্যাপক জনপ্রিয়তার কারণে এই খাতের চাহিদা দ্রুত বাড়ছে। ২০৩০ সালের মধ্যে দেশের স্ন্যাকস বাজারের আকার প্রায় ২.২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যার একটি বড় অংশ জুড়ে রয়েছে আলুর চিপস।

দেশীয় কোম্পানিগুলো এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দীর্ঘদিন ধরে স্থানীয় স্বাদের ভিত্তিতে পণ্য তৈরি করে বাজার গড়ে তুলেছে তারা। একইসঙ্গে আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রবেশ প্রতিযোগিতা বাড়িয়ে শিল্পকে আরও আধুনিক ও বৈচিত্র্যময় করেছে।

তবে এই অগ্রগতির পেছনে প্রান্তিক কৃষকদের বাস্তবতা ভিন্ন। আলু উৎপাদনের মূল চালিকাশক্তি তারা হলেও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে নানা বাধার মুখে পড়েন। মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরশীলতা অন্যতম বড় সমস্যা। অধিকাংশ কৃষক স্থানীয় আড়তদার বা পাইকারের কাছে আলু বিক্রি করতে বাধ্য হন, ফলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন।

চিপস উৎপাদনের জন্য নির্দিষ্ট বৈশিষ্ট্যের আলু প্রয়োজন- যেমন কম আর্দ্রতা ও নির্দিষ্ট আকার। কিন্তু অনেক কৃষকই জানেন না কোন জাত উপযুক্ত বা কীভাবে সেই মান বজায় রাখতে হয়। এর সঙ্গে যুক্ত হয় কোল্ড স্টোরেজ ও পরিবহন সুবিধার অভাব। ফলে দ্রুত বিক্রির চাপ তাদের কম দামে পণ্য ছাড়তে বাধ্য করে।

তথ্য ও প্রযুক্তিগত সহায়তার ঘাটতিও বড় একটি সমস্যা। বাজারদর, চাহিদা কিংবা আধুনিক চাষাবাদ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় কৃষকরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন। এই প্রেক্ষাপটে প্রযুক্তিনির্ভর কৃষি প্ল্যাটফর্ম আইফার্মার এবং চিপস উৎপাদনকারী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে স্থিতিশীল বাজার পাচ্ছেন। এতে মধ্যস্বত্বভোগীর ওপর নির্ভরতা কমছে এবং কৃষকরা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারছেন।

প্রযুক্তির ব্যবহার এই পরিবর্তনকে আরও গতিশীল করেছে। ড্রোন প্রযুক্তির মাধ্যমে দ্রুত ও নিরাপদভাবে কীটনাশক প্রয়োগ করা যাচ্ছে, ফলে কৃষকদের ঝুঁকি কমছে। স্যাটেলাইটভিত্তিক পর্যবেক্ষণে ফসলের বৃদ্ধি, রোগের ঝুঁকি ও জমির অবস্থা সম্পর্কে আগাম ধারণা পাওয়া যাচ্ছে।

এছাড়া কৃষকদের প্রশিক্ষণ, উন্নত বীজ সরবরাহ এবং আধুনিক চাষাবাদের কৌশল শেখানোর মাধ্যমে উৎপাদনের মানও বৃদ্ধি পাচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি কৃষকের কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করতে পারায় পণ্যের গুণগত মান নিশ্চিত হচ্ছে, আর কৃষকরাও পাচ্ছেন নিশ্চিত বাজার।

মাঠ পর্যায়ে এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। এই উদ্যোগে যুক্ত কৃষকরা আগের তুলনায় বেশি আত্মবিশ্বাসী। তারা জানেন, তাদের উৎপাদিত পণ্য বিক্রি হবে এবং সঠিক মূল্যও পাওয়া যাবে। ফলে তারা এখন শুধু উৎপাদক নন, বরং একটি সংগঠিত ও টেকসই ভ্যালু চেইনের অংশ হয়ে উঠছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here