রাজস্ব আদায়ে বড় ধাক্কা

0
রাজস্ব আদায়ে বড় ধাক্কা

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই ’২৫-মার্চ ’২৬) রাজস্ব আদায়ে প্রায় ৯৮ হাজার কোটি টাকা ঘাটতি হয়েছে। এ ঘাটতি গত অর্থবছরের পুরো সময়ের চেয়েও ৫ হাজার ৩৬৪ কোটি বেশি।

গত অর্থবছরে রাজস্ব ঘাটতি ছিল ৯২ হাজার ৬২৬ কোটি টাকা। তবে রাজস্ব আদায়ে ঘাটতি বাড়লেও প্রবৃদ্ধি হয়েছে ১১ দশমিক ১৫ শতাংশ। এর আগে ফেব্রুয়ারি পর্যন্ত ৮ মাসে রাজস্ব ঘাটতি ছিল ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে ২৬ হাজার কোটির বেশি।

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে রাজস্ব আদায় হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৮৬২ কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ লাখ ৫৮ হাজার ৯৯৬ কোটি। অথচ মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৮৫ হাজার ৮৫২ কোটি টাকা। সে হিসেবে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ হাজার ৯৯০ কোটি টাকা।

একক মাস হিসেবে মার্চে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা। আগের বছরের মার্চের চেয়ে গত মার্চে আদায় বেড়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে। ৯ মাসে এ খাতে ১ লাখ ৩৯ হাজার ১১৮ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৯৮ হাজার ৫০১ কোটি টাকা। অর্থাৎ ঘাটতি ৪০ হাজার ৬১৭ কোটি।

এ ছাড়া ভ্যাট বিভাগে ১ লাখ ৪৩ হাজার ৫৩৮ কোটির লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ৯ হাজার ১৩৮ কোটি টাকা। এ খাতে আদায়ে ঘাটতি হয়েছে ৩৪ হাজার ৪০০ কোটি। অন্যদিকে কাস্টমস অনুবিভাগ ১ লাখ ৩ হাজার ১৯৬ কোটি টাকার বিপরীতে আদায় করেছে ৮০ হাজার ২২৩ টাকা। এ খাতে ঘাটতি ২২ হাজার ৯৭৩ কোটি টাকা। তবে রাজস্ব আদায়ে আয়কর, ভ্যাট ও শুল্কে যথাক্রমে ১১ দশমিক ২৫; ১৩ দশমিক ৬৬ ও ৭ দশমিক ৭৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here