আমিরাতের অধিনায়ককে জরিমানা করলো আইসিসি

0
আমিরাতের অধিনায়ককে জরিমানা করলো আইসিসি

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানার শাস্তি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। এটি আইসিসির ধারা ২.৭-এর অধীনে পড়ে, যেখানে আন্তর্জাতিক ম্যাচ বা সংশ্লিষ্ট খেলোয়াড়, কর্মকর্তা বা দলের বিষয়ে প্রকাশ্যে সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করা নিষিদ্ধ।

মঙ্গলবার নেপালের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর কীর্তিপুরে ঘটনাটি ঘটে । ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমিরাতের অধিনায়ক ওয়াসিম আম্পায়ারিংকে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন।

মাঠের আম্পায়ার বুদ্ধি প্রধান, বিনয় কুমার, তৃতীয় আম্পায়ার দুর্গা সুবেদি এবং চতুর্থ আম্পায়ার সঞ্জয় সিগডেল অভিযোগ আনেন আমিরাতের অধিনায়কের বিরুদ্ধে। ওয়াসিম নিজের দোষ স্বীকার করেন এবং ম্যাচ রেফারি ওয়েনডেল লা ব্রয়ের প্রস্তাবিত শাস্তি মেনে নেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

জরিমানার পাশাপাশি তার শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে, যা গত ২৪ মাসে তার প্রথম অপরাধ হিসেবে গণ্য হবে। লেভেল-১ অপরাধের ক্ষেত্রে ন্যূনতম শাস্তি হলো সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও ১ বা ২টি ডিমেরিট পয়েন্ট।

ম্যাচের ফলাফলে, প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয় পাওয়া আরব আমিরাত দ্বিতীয় ম্যাচে হেরে যায়, যেখানে স্বাগতিক নেপাল ৮ উইকেটের জয় তুলে নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here