ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, ৭ দিনেও মেলেনি হদিস

0
ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ, ৭ দিনেও মেলেনি হদিস

যুক্তরাষ্ট্রের University of South Florida-এ পিএইচডি কোর্সে অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন (২৭) ও নাহিদা সুলতানা বৃষ্টি (২৭) নিখোঁজ হওয়ার সাত দিন পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সময় ২৩ এপ্রিল ভোর পর্যন্ত তাদের খোঁজ না মেলায় বিশ্ববিদ্যালয় পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। একইসঙ্গে Florida Department of Law Enforcement এবং ফেডারেল নিখোঁজ ব্যক্তিদের ডাটাবেজেও তাদের তথ্য যুক্ত করা হয়েছে।

জানা গেছে, আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে দুই বছর আগে যুক্তরাষ্ট্রে এসে তারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৬ এপ্রিল সকাল ৯টার পর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। বিশ্ববিদ্যালয় পুলিশের জনসংযোগ কর্মকর্তা ল্যারি ম্যাককিনন জানান, ১৭ এপ্রিল বিকেল ৪টা ৫০ মিনিটে পরিবারের পক্ষ থেকে নিখোঁজের বিষয়টি জানানো হয়। আগের ২৪ ঘণ্টা ধরে তাদের সঙ্গে কোনো যোগাযোগ না হওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজ চালিয়েও এখনো তাদের সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অপরাধের আলামত পাওয়া যায়নি। তবুও তদন্ত অব্যাহত রয়েছে এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ইতোমধ্যে তাদের ছবি সম্বলিত পোস্টার বিতরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তারা U.S. Immigration and Customs Enforcement-এর সঙ্গেও যোগাযোগ করেছে। তবে ওই সংস্থা জানিয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেফতার বা বহিষ্কারের কোনো তথ্য তাদের কাছে নেই।

লিমনের ছোট ভাই জুবায়ের আহমেদ জানিয়েছেন, লিমন ও বৃষ্টি প্রায় সাড়ে চার বছর ধরে সম্পর্কে ছিলেন এবং ভবিষ্যতে বিয়ের পরিকল্পনাও ছিল। তবে পড়াশোনা শেষ করেই তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, লিমন জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিষয়ে এবং বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। লিমনকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টায় টেম্পা শহরের বাসস্থানে এবং বৃষ্টিকে একইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায়।

এই ঘটনায় ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মার্কিন গণমাধ্যমেও বিষয়টি গুরুত্বের সঙ্গে প্রচার করা হচ্ছে। কেউ তাদের অবস্থান সম্পর্কে তথ্য জানলে স্থানীয় পুলিশের ৮১৩-৯৭৪-২৬২৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here