গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধভাবে পেট্রোল ও ডিজেল মজুদ করে বিক্রির দায়ে আব্দুর রহিম নামের এক ব্যবসায়ীকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম উপজেলার রাখাল বুরুজ ইউনিয়নের ধর্মপুর বাজারের ব্যবসায়ী এবং ধর্মপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ সড়কের ধর্মপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় আব্দুর রহিমের দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা ৬৫ লিটার ডিজেল ও ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়। পরে তাকে আটক করে আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, জনস্বার্থে অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

